ICC Cricket World Cup 2023: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে কেরলে টিম ইন্ডিয়া, কোহলির না থাকা নিয়ে বিরাট জল্পনা
মঙ্গলবার একদিনের বিশ্বকাপ অভিযান শুরু করার আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিরুবনন্তপুরমে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। রবিবার সন্ধ্যার পরই গুয়াহাটি থেকে চাটার্ড ফ্লাইটে করে কেরলের শহরে এসে পৌঁছেছে ভারতীয় টিম। রোহিত-হার্দিক-শার্দূল-শুভমান-অশ্বিনদের বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেলেও বিরাট কোহলিকে দেখা যায়নি। কেন দলের সঙ্গে নেই কোহলি? তা নিয়ে জল্পনা শুরু হয়।
ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, ব্যক্তিগত কারণে মুম্বইয়ে গিয়েছেন বিরাট। তিনি দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, সোমবারই দলের সঙ্গে যোগ দিতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।

একটি ক্রীড়া ওয়েবসাইট জানিয়েছে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে রবিবার রাতেই কেরলের শহরে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা-সহ দলের ১৪ জন ভারতীয় ক্রিকেটার। তাঁদের সঙ্গে কোহলি ছিলেন না। তিনি কেন দলের সঙ্গে যাননি তার কোনও কারণ ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
বিশ্বকাপ শুরুর আগেই বিরাট জল্পনা শুরু হয়েছে।সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট-অনুষ্কার কোলে? ভামিকা পেতে চলেছেন খেলার সঙ্গী। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। কিন্তু বিরাট বা অনুষ্কার পক্ষ থেকে সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে প্রতিটি দল নিজেদের দলের শক্তি, দুর্বলতা যাচাই করে নিচ্ছে। স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারকে খেলিয়ে তাঁদের ফর্ম দেখে নিতে চাইছে। সেখানে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ায় রোহিতদের কাছে একটিই সুযোগ রয়েছে। শনিবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়।
ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও জয় এসেছে। ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ২০১১ সালের পরে বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবারে আবার ঘরের মাঠে খেলা, তার সুযোগকে কাজে লাগাতে চান রোহিত শর্মা ব্রিগেড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে তাই নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে নেমে নিজেদের শক্তিকে একবার ঝালিয়ে নিতে চাইবে টিম ইন্ডিয়া। এরই মধ্যে রোহিত অ্যান্ড কোং কেরলে পৌঁছতেই সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে একটা চিন্তা থেকেই যাচ্ছে যে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ভেস্তে যাবে না তো? সোমবার ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন রয়েছে টিম ইন্ডিয়ার।












Click it and Unblock the Notifications