ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপে বিপুল লক্ষ্মীলাভের হাতছানি, পুরস্কারমূল্য কোন বিভাগে কত জেনে নিন
ICC World Cup 2023: ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ। তার আগে আজ প্রাইজ মানি ঘোষণা করে দিল আইসিসি। ১০ দলের বিশ্বকাপে বিপুল লক্ষ্মীলাভের হাতছানি।
বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেদিন বিজয়ী দল পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার।

বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালের বিশ্বকাপের প্রাইজ মানির সঙ্গে এবারের প্রাইজ মানির ফারাক নেই। বিজয়ী দল যেমন ৪০ লক্ষ মার্কিন ডলার পাবে, তেমনই ফাইনালে যে দল হারবে বা রানার-আপ হবে তারা পাবে ২০ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে যে দুটি দল পরাজিত হবে তারা প্রত্যেকে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে।

ফলে সেমিফাইনালে পরাজিত দুটি দলকে মোট দেওয়া হবে ১৬ লক্ষ মার্কিন ডলার। গ্রুপ পর্বের থেকে যে ৬টি দল বিদায় নেবে তাদের প্রত্যেকে পাবে ১ লক্ষ মার্কিন ডলার করে, অর্থাৎ সবমিলিয়ে ৬ লক্ষ মার্কিন ডলার। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলের জন্যও থাকছে পুরস্কার। প্রতিটি ম্যাচে জয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার করে।
ফলে গ্রুপ পর্বের মোট ৪৫টি ম্যাচের বিজয়ী দলের মোট পুরস্কারমূল্য ১৮ লক্ষ মার্কিন ডলার। বিশ্বকাপের খেলাগুলি হবে ভারতের ১০টি শহরে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার প্রথম চারটি দল যাবে সেমিফাইনালে।












Click it and Unblock the Notifications