ফের অনবদ্য শতরান সঙ্গাকারার, ইংল্যান্ডকে পর্যুদস্ত করে হারাল শ্রীলঙ্কা
ওয়েলিংটন, ১ মার্চ : বিশ্বকাপের পুল 'এ' ম্যাচে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে হারাল শ্রীলঙ্কা। আরও ভালো করে বললে, নাকানিচোবানি খাইয়ে হারাল থিরিমান্নে ও কুমার সঙ্গাকারা জুটি। ২.৪ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৫০ ওভারে ৩০৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। শতরান করেন জো রুট (১২১ রান)।

ওপেনিংয়ে থিরিমান্নে ও তিলকরত্নে দিলশান যখন ব্যাট করতে নামেন তখন টার্গেটটা খুব একটা সহজ মনে হচ্ছিল না। তবে শুরুটা ভালো করেন ওপেনিং জুটি। ১০০ রানের মাথায় দিলশান আউট হওয়ার পর নামেন কুমার সঙ্গাকারা। আর নেমেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন তিনি। মাত্র ৭০ বলে শতরান করেন তিনি। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।
থিরিমান্নে ও কুমার সঙ্গাকারা জুটি দ্বিতীয় উইকেটে ২১২ রান যোগ করে অপরাজিত থাকেন। থিরিমান্নে করেছেন ১৪৩ বলে ১৩৯ রান ও সঙ্গাকারা করেন ৮৬ বলে ১১৭ রান।
এটি দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ। এর আগের ম্যাচে তিলকরত্নে দিলশানকে সঙ্গে নিয়ে সঙ্গাকারা ২১০ রানের পার্টনারশিপ করেন যা আজ ভেঙে গেল।












Click it and Unblock the Notifications