সবাই চান ভারত-পাকিস্তান ফাইনাল, তবে কোহলি চাইছেন অন্যকিছু
ভারত অধিনায়ক কোহলি কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চাইছেন না। তাঁর বক্তব্য, ভারত-ইংল্যান্ড ফাইনাল হোক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের ঝটকা সামলে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণভাবে ফিরে এসেছে বিরাট কোহলির ভারত। প্রোটিয়াদের একপেশে ভাবে হারিয়ে উঠে গিয়েছে সেমিফাইনালে। ২০১৩ সালের পর এবারও সেমিফাইনালে উঠল ভারত। সেবছর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল, এবছর কী করে কোহলির ভারত, সেটাই এখন দেখার।
সেমিফাইনালে ভারত খেলবে বাংলাদেশের সঙ্গে। ধারে-ভারে মাশরাফি মোর্তাজার ছেলেরা অনেকটাই পিছিয়ে ভারতের থেকে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে বাংলাদেশ হারিয়েছে ঠিকই, তবে তারপরে আর সেভাবে বাংলাদেশ বেগ দিতে পারেনি ভারতকে।

অন্যদিকে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে পাকিস্তানও। ফলে সম্ভাবনা তৈরি হয়েছে ভারত-পাক ফাইনালের। পাকিস্তানকে সেমিফাইনালে খেলতে হবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠে ইয়ন মর্গ্যানের দল যে অত্যন্ত শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। তবে পাকিস্তান দল কবে কেমন খেলবে তা কেউ জানে না। তাই পাকিস্তান ইংল্যান্ডকে হারালে অবাক হওয়ার কিছু থাকবে না।
ভারত অধিনায়ক কোহলি কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চাইছেন না। তাঁর বক্তব্য, ভারত-ইংল্যান্ড ফাইনাল হোক। দুটি দলই ভালো খেলছে। যদি দুটি দলই নিজের মতো করে চেষ্টা করে তাহলে আকর্ষণীয় ম্যাচ হতে পারে।
প্রসঙ্গত, বুধবার ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে ভারত বনাম বাংলাদেশের খেলা হবে আগামী বৃহস্পতিবার। ফলে ভারত খেলতে নামার আগেই জেনে যাবে সামনের ফাইনালে কোন দলকে পাবে-পাকিস্তান নাকি ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications