ICC Ban: শ্রীলঙ্কার স্পিনার প্রবীণ জয়বিক্রমা ১ বছর নির্বাসিত, কোন অপরাধে বড় শাস্তি দিল আইসিসি?
ICC Ban: শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রমাকে ১ বছরের জন্য নির্বাসনে পাঠাল আইসিসি। এই সময়কালে তিনি কোনও ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না।
আইসিসি দুর্নীতি দমন সংক্রান্ত বিধি লঙ্ঘনে অভিযুক্ত হন প্রবীণ। নিজের দোষ স্বীকারও করেছিলেন। তিনি যে শাস্তি পেতে চলেছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল গত অগাস্টেই।

জয়বিক্রমার টেস্ট অভিষেক হয়েছিল চমকপ্রদভাবেই। পাল্লেকেলেতে সেই টেস্টে তিনি ম্যাচের সেরা হয়েছিল। দুই ইনিংস মিলিয়ে পেয়েছিলেন ১১ উইকেট। বছর ছাব্বিশের এই ক্রিকেটার অবশ্য ২০২২ সালের পর শ্রীলঙ্কা দলে সুযোগ পাননি। শেষ টেস্ট ও টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২-এ। শেষ ওডিআই খেলেন ২০২১ সালে।
পাঁচটি করে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক খেলে প্রবীণ যথাক্রমে ২৫ ও পাঁচটি উইকেট দখল করেছেন। টি২০ আন্তর্জাতিকে তাঁর পাঁচ ম্যাচে উইকেট-সংখ্যা ২। গত অগাস্টে এই বাঁহাতি স্পিনার দুর্নীতি দমন সংক্রান্ত বিধির দুটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
জয়বিক্রমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি আন্তর্জাতিক ম্যাচ ও ২০২২ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে নিজে এবং অন্যদের গড়াপেটায় যুক্ত করার প্রস্তাব পেলেও তা দুর্নীতি দমন শাখাকে জানাননি। এমনকী তিনি যে মেসেজগুলির মাধ্যমে প্রস্তাব পান বুকিদের থেকে তা ডিলিট করে দিয়েছিলেন।
ফলে একদিকে যেমন তিনি দুর্নীতি দমন শাখাকে অন্ধকারে রেখেছিলেন, যথাসময়ে প্রস্তাব পাওয়ার কথা না জানিয়ে, তা তদন্ত প্রক্রিয়ায় বাধা বা বিলম্ব করার চেষ্টা বলেই আইসিসি মনে করছে। একইসঙ্গে তিনি তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টাও করেছিলেন মেসেজ ডিলিট করে। সেটিও দুর্নীতি দমন সংক্রান্ত আইসিসির বিধি লঙ্ঘন। নিজের দোষ অবশ্য পরে স্বীকার করেন জয়বিক্রমা।
২০২১ সালে জয়বিক্রমা জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেন। সেখানে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল সতীর্থদের প্রভাবিত করারও। ওই বছর জাফনা কিংস খেতাবও জেতে। চলতি বছর লঙ্কা প্রিমিয়ার লিগে প্রবীণ খেলেন ডামবুলা সিক্সারসের হয়ে।












Click it and Unblock the Notifications