ICC Awards 2023: আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে বিরাট, জাদেজা! টেস্টে মনোনীত অশ্বিন, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
ICC Awards 2023: তিন দিন ধরে বিভিন্ন বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের মনোনীত করার প্রক্রিয়া আজ শেষ হলো। চূড়ান্ত তালিকা আজই প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন বিরাট কোহলি।
পুরুষদের ক্রিকেটে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া হয় স্যর গারফিল্ড সোবার্স ট্রফি। এই ট্রফির জন্য এবার মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়া ও ভারতের দু-জন করে ক্রিকেটার।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আইসিসি বিশ্বকাপ খেতাব উঠেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে। দুটি ক্ষেত্রেই অজিরা ফাইনালে হারিয়েছিল ভারতকে। ২০১৯ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন কামিন্স। ২০২৩ সালে টেস্ট ও ওডিআই মিলিয়ে ৫৯ উইকেট নেওয়া কামিন্স এবার মনোনীত হলেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য।
অস্ট্রেলিয়াকে দুটি খেতাব জেতানোর পিছনে অবদান রাখা ট্রাভিস হেডও এই পুরস্কারের দৌড়ে রয়েছেন। সব ফরম্যাট মিলিয়ে প্রায় ১৭০০ রান করার পাশাপাশি বল হাতে উইকেট নিয়েছেন। বিরাট কোহলির সামনে তৃতীয়বার স্যর গারফিল্ড সোবার্স ট্রফি জেতার হাতছানি রয়েছে। একাধিক রেকর্ড ভেঙে বিরাট ২০৪৮ রান করেছেন ২০২৩ সালে।
কামিন্স, হেড ও কোহলির সঙ্গে আইসিসি বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি সর্বাধিক ৬৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬১৩ রান করেছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে অলরাউন্ডার জাড্ডু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৪১টি উইকেট নিয়েছেন, সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট দখল করেছেন।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে অশ্বিনকে লড়তে হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও উসমান খোয়াজা এবং ইংল্যান্ডের জো রুটের সঙ্গে। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও বেথ মুনি এবং গতবার এই পুরস্কার পাওয়া ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।
বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের শুভমান গিল, বিরাট কোহলি ও মহম্মদ শামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন চামারি আতাপাত্তু, অ্যাশলে গার্ডনার, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও ন্যাট সিভার-ব্রান্ট। চামারির সঙ্গেই বর্ষসেরা মহিলা টি২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ ও অস্ট্রেলিয়ার এলিস পেরি।
বর্ষসেরা টি২০ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, উগান্ডার অল্পেশ রামজানি, জিম্বাবোয়ের সিকান্দর রাজা ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। পুরুষদের ইমার্জিং ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতের যশস্বী জয়সওয়ালের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। মহিলাদের বিভাগে মনোনয়ন পেলেন বাংলাদেশের মারুফা আখতার, ইংল্যান্ডের লরেন বেল, স্কটল্যান্ডের ডার্সি কার্টার ও অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড।












Click it and Unblock the Notifications