কীভাবে বিরাট কোহলিদের টি২০ বিশ্বকাপ জয়ের সোপান হতে পারেন মেন্টর এমএস ধোনি
কীভাবে বিরাট কোহলিকে টি২০ বিশ্বকাপ জেতাতে পারেন মেন্টর মহেন্দ্র সিং ধোনি।
২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ওই ঘটনার ১৪ বছর পর আরও এক ২০ ওভারের বিশ্বকাপ জয়ের হাতছানি কিংবদন্তি মাহির সামনে। এবার আর অধিনায়ক কিংবা ক্রিকেটার নন, মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ওপর ছায়া ফেলবেন এমএস। এই নতুন ভূমিকায় কতটা সফল হবেন ধোনি, তা তো সময় বলবে। সে অপেক্ষায় স্বপ্ন দেখা বন্ধ করছেন না দেশের ক্রিকেট প্রেমীরা। ক্যাপ্টেন কুলের হাতের ছোঁয়ায় আরও একবার বিশ্বজয় করা সম্ভব বলে বিশ্বাস করতে শুরু করেছেন অনেকে। ঠিক কীভাবে বিরাট কোহলিদের এ লড়াইয়ে সাহায্য করতে পারেন ধোনি, তার একটা আভাস দেখে নেওয়া যাক।

কেন ফেরানো হল ধোনিকে
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ল ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। মাহির খেতাব জয়ের সুপ্রসন্ন ভাগ্য আগামী টি২০ বিশ্বকাপে কাজে লাগাতে চায় বিসিসিআই। প্রাক্তন ভারতীয় অধিনায়কের পাহাড়প্রমাণ অভিজ্ঞতা, শীতল ও দৃঢ় মানসিকতা দলের মধ্যে ইতিবাচক ভাবনার আমদানি ঘটাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও চুটিয়ে আইপিএল খেলে চলেছেন ধোনি। অর্থাৎ বাইশ গজেরই ঘনিষ্ট হয়ে থাকা মাহির পক্ষে আগের মতোই ম্যাচ পড়তে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। আইপিএল খেলার সৌজন্যে টিম ইন্ডিয়ার ঘোষিত ১৫ জন সদস্যকে খুব ভালোভাবেই চেনেন ধোনি। ফলে ভাব বিনিময়ে সমস্যা হবে না। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলা ধোনি টুর্নামেন্টের চলতি বছরের সংস্করণ খেলতে দুবাইয়েই রয়েছেন। একই দেশে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপ শুরুর আগে সেখানকার পরিবেশের সঙ্গে অন্তত এমএস-কে লড়াই করতে হবে না।

গুরু-শিষ্যের সম্পর্ক
২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে অবসর বলার পর অনুজ বিরাট কোহলির হাতে ভারতীয় দলের ব্যাটন তুলে দিয়েছিলেন এমএস ধোনি। ২০১৭ সালে মাহির হাত থেকেই টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দলের অধিনায়কত্ব নিয়েছিলেন ভিকে। দলে থেকে পিছন থেকে বিরাটকে পরামর্শ দিয়ে গিয়েছেন ধোনি। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে কোহলির নেতৃত্বেই শেষবারের মতো ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। ফলে বর্তমান ভারত অধিনায়কের সঙ্গে এমএসের সখ্যতা যে অনবদ্য, তা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক হিসেবে না হলেও মেন্টর হিসেবে ধোনির পাশে পাওয়া বিরাট কোহলিকে নিঃসন্দেহে ভরসা জোগাবে।

দীর্ঘমেয়াদী ভাবনা!
আগামী টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। একই পদে নিযুক্তির জন্য শাস্ত্রী ফের আবেদন ফেলবেন কিনা, তার কোনও নিশ্চিয়তা নেই। শাস্ত্রী বিদায়ে তৈরি হওয়া শূন্যতা পূরণে যাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, তাঁর সঙ্গে একরোখা অধিনায়ক বিরাট কোহলির সখ্যতা আদৌ নিবিড় হবে কিনা, তা সময় বলবে। এই পরিস্থিতিতে ঠান্ডা মাথার এমএস ধোনিই কিছুটা হলেও ভারতীয় ড্রেসিংরুমে অক্সিজেন সরবরাহ করতে পারেন বলে মনে করা হচ্ছে। ১১ বছর ধরে একই ড্রেসিংরুমের সদস্য থাকা কোহলিকে গুরু ধোনির থেকে আর কেই বা ভালো বুঝবে। ফলে টিম ইন্ডিয়ার সঙ্গে মেন্টর হিসেবে এমএসের জুড়ে যাওয়াকে বিসিসিআইয়ের দীর্র্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেখছে ক্রিকেট মহলের একটা অংশ। তবে ধোনি নিজে এই পরিকল্পনায় রাজি হবেন কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

বিরাট-শাস্ত্রী কম্বো কি জমছে না
ভারত টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে নিজেকে প্রমাণ করলেও সীমিত ওভারের ফর্ম্যাটে বড় টুর্নামেন্ট জয়ের নজির গড়তে পারেনি বিরাট কোহলি-রবি শাস্ত্রী জুটি। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে গিয়েছিল ভারত। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাই কোথাও যে একটা সামান্য হলেও পরিবর্তন দরকার, তা অনুভব করেই বিসিসিআই ধোনিকে মেন্টর করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন দেশের ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications