T20I Record: ৪ উইকেটে ৩৪৪! সিকান্দর রাজার নজির গড়া শতরানে টি২০ আন্তর্জাতিকে তিন বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের
T20I Record: টি২০ আন্তর্জাতিকে তিনটি বিশ্বরেকর্ড গড়ল জিম্বাবোয়ে। চুরমার হয়ে গেল গত বছর হাংঝৌ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের কীর্তি।
টি২০ আন্তর্জাতিকে দলগত সর্বাধিক রানের রেকর্ডটি জিম্বাবোয়ে ছিনিয়ে নিল নেপালের থেকে। সেই সঙ্গে নেপালের আরেকটি বিশ্বরেকর্ড ভেঙে টি২০ আন্তর্জাতিকে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে জেতার নজিরটিও দখলে নিল জিম্বাবোয়ে।

নাইরোবিতে চলছে টি২০ বিশ্বকাপের সাব রিজিওনাল কোয়ালিফায়ারের খেলা। গ্রুপ বি-র খেলায় আজ মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে ও গাম্বিয়া। জিম্বাবোয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৪৪ রান তোলে। জবাবে ১৪.৪ ওভারে গাম্বিয়া ৫৪ রানে গুটিয়ে যায়। জিম্বাবোয়ের জয় ২৯০ রানে।
গত বছর এশিয়ান গেমসে নেপাল ৩ উইকেটে ৩১৪ তুলে মঙ্গোলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ২৭৩ রানে। এদিন নেপালের সেই রান টপকানোর পাশাপাশি ২৯০ রানে ম্যাচ জিতে টি২০ আন্তর্জাতিকে জোড়া বিশ্বরেকর্ডের দখল নিল জিম্বাবোয়ে। তালিকায় তিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ৬ উইকেটে ২৯৭।
আগের ম্যাচেই রোয়ান্ডার বিরুদ্ধে সিকান্দর রাজা ব্যাট হাতে তিন রান করলেও বল হাতে ১৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে রাজা টি২০ আন্তর্জাতিকে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়ে ম্যাচের সেরা হয়েছিলেন।
আজ তিনি জিম্বাবোয়ের প্রথম ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরান হাঁকালেন। সিকান্দর রাজা এদিন শতরান পূর্ণ করেন ৩৩ বলে। ফলে টি২০ আন্তর্জাতিকে তিনি দ্রুততম শতরান হাঁকানোর নিরিখে যুগ্ম দ্বিতীয় স্থানে। চলতি বছর নামিবিয়ার জান নিকোল লফটি-ইটন ৩৩ বলেই টি২০ আন্তর্জাতিকে শতরান পেয়েছিলেন।
টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানের কীর্তি রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে, তিনি ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন। জিম্বাবোয়ের অধিনায়ক রাজা এদিন চারে ব্যাট করতে নেমে ৪৩ বলে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেললেন। তিনি সাতটি চার ও ১৫টি ছয় মেরেছেন।
জিম্বাবোয়ের ইনিংসে ছিল ২৭টি ছয়। সেটিও বিশ্বরেকর্ড। এর আগে, মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের ইনিংসে ছিল ২৬টি ছক্কা। সেই কীর্তিও এদিন ভেঙে দিল জিম্বাবোয়ে।
গাম্বিয়ার বোলার মুসা জোবারতেহ টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়লেন এই ম্যাচে। তিনি দ্বিতীয়, চতুর্থ, সপ্তদশ ও ২০তম ওভারে বল করতে গিয়ে ৪ ওভারে ৯৩ রান দেন। ইকনমি ২৩.২০। তিনি ওয়াইড ও নো বল করেন কয়েকটি, ৯টি চার ও ৮টি ছয় হজম করেন।
টি২০ আন্তর্জাতিকে এর আগে শ্রীলঙ্কা কাসুন রাজিথা ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ওভারে ৭৫ রান দিয়েছিলেন। ২০২২ সালে ডার্বিশায়ারের ম্যাটি ম্য়াককিয়েরনান সমারসেটের বিরুদ্ধে ৮২ রান দিয়েছিলেন। সেই নজিরগুলি ভেঙে দিলেন গাম্বিয়ার বোলার।












Click it and Unblock the Notifications