জিম্বাবোয়েকে দুরমুশ করল ওয়েস্ট ইন্ডিজ, ইডেন ম্যাচের গুরুত্ব বাড়ল, ভারতের কতটা সুবিধা?
টি২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে এবার বড় জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে গুরুত্ব বেড়ে গেল ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথের।
গতকালই দক্ষিণ আফ্রিকা ভারতকে ৭৬ রানে হারিয়েছিল। আর আজ মুম্বইয়ে জিম্বাবোয়েকে ১০৭ রানে পরাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ২৫৪ রান। ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন শিমরন হেটমায়ার, যা টি২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি।
সাতটি করে চার ও ছয় হাঁকিয়ে হেটমায়ার ৩৪ বলে ৮৫ রান করেন। রভম্যান পাওয়েল করেন ৩৫ বলে ৫৯। শেরফান রাদারফোর্ড ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। রোমারিও শেফার্ড ১০ বলে ২১, জেসন হোল্ডার ৪ বলে ১৩, অধিনায়ক শেই হোপ ১২ বলে ১৪ রান করেন। রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৭.৪ ওভারে ১৪৭ রানেই শেষ জিম্বাবোয়ে। ব্র্যাড ইভান্স করেন ২১ বলে ৪৩। গুডাকেশ মোতি চারটি, আকিল হোসেন তিনটি, ম্যাথু ফোর্ডে ২টি ও জেসন হোল্ডার ১টি উইকেট নেন।
সুপার এইটে ১ নম্বর গ্রুপে আপাতত ওয়েস্ট ইন্ডিজই শীর্ষে। তাদের নেট রান রেট ৫.৩৫০। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ৩.৮০০। এই দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতেছে। ভারত রয়েছে তিনে, নেট রান রেট -৩.৮০০ এবং জিম্বাবোয়ের নেট রান রেট -৫.৩৫০। বৃহস্পতিবার বিকেল তিনটেয় আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে যারা জিতবে তারা কার্যত নিশ্চিত করে ফেলবে সেমিফাইনালের টিকিট। ওইদিনই সন্ধ্যা সাতটায় ভারত চেন্নাইয়ে খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। যারা সেই ম্যাচে হারবে তারাই বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।












Click it and Unblock the Notifications