IPL 2022: কে এই আয়ূষ বাদোনি, কী ভাবে তার উথ্থান, জেনে নিন তরুণ ক্রিকেটারের সমস্ত খুঁটিনাটি
কে এই আয়ূষ বাদোনি, কী ভাবে তার উথ্থান, জেনে নিন তরুণ ক্রিকেটারের সমস্ত খুঁটিনাটি
তরুণ ক্রিকেটারদের প্রতিভার বিকাশের প্রধান মঞ্চ হিসেবে কাজ করে এসেছে আইপিএল। উদ্বোধনী মরসুম থেকে এখনও পর্যন্ত আইপিএল উপহার দিয়েছে একের পর এক তরুণ ক্রিকেটার।
তেমনই এক নতুন প্রতিভার খোঁজ দিল গুজরাত টাইটানস বনাম লখনউ সুপার জায়েন্টস-এর ম্যাচ।

নয়া প্রতিভা আয়ূষ বাদোনি:
টাইটানসদের বিরুদ্ধে হেরে গেলেও লখনউ-এর জার্সিতে গোটা ক্রিকেট সার্কিটের নজর কেড়েছেন তরুণ ক্রিকেটার আয়ূষ বাদোনি। মাত্র ২০ লক্ষ টাকায় আইপিএল-এর নিলাম থেকে বাদোনিকে দলে নিয়েছিল লখনউ। টিম মেন্টর গৌতম গম্ভীরের পরামর্শেই নিলাম থেকে নেওয়া হয় তাঁকে। হার্দিক পাণ্ডিয়ার দলের বিরুদ্ধে চাপের মুখে ৪১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন বাদোনি। ৩৮ বলে নিজের অর্ধ-শতরান পূর্ণ করেন তিনি। এই তরুণ ক্রিকেটারকে ক্রুণাল পাণ্ডিয়ার আগে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। তাঁর টেকনিক্যাল দক্ষতার কারণেই আগে সুযোগ পেয়েছিলেন। রশিদ খান এবং লকি ফার্গুসনের মতো বোলারের বলকে স্ট্যান্ডে ফেলেছিলেন আয়ূষ।

বাদোনির উথ্থান:
এই মরসুমে হয়তো আরও সুযোগ অপেক্ষা করছে বাদোনির জন্য। তবে, এই ক্রিকেটার প্রথম নজর টানেন অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে। ২০১৮ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুব টেস্টে ২০২ বলে ১৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন না বাদোনি। কিন্তু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে দেখিয়েছিলেন নিজের ঝলক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

প্রথম ম্যাচেই নজির:
আইপিএল কেরিয়ারের অভিষেক ম্যাচেই নজির গড়েছেন ২২ বছরের তরুণ আয়ূষ বাদোনি। চাপের মুখে দাঁড়িয়ে অর্ধ শতরান করে দলকে লড়াই করার মতো জায়গা পৌঁছে দিয়েছিলেন আয়ূষ। এই অর্ধ শতরানের সৌজন্যে এক নতুন নজির গড়লেন তিনি। ৬ নম্বরে বা তার নিচে ব্যাট হাতে নেমে অভিষেক ম্যাচে এর আগে কেউ অর্ধ-শতরান করেননি।

গম্ভীরের প্রতি অনুগত্য:
গৌতম গম্ভীরের পরামর্শেই ২০ লক্ষ টাকা বেস প্রাইসে এই ক্রিকেটারকে সই করায় লখনউ সুপার জায়েন্টস। ম্যাচ শেষে বাদোনি বলেছেন, "গৌতম ভাই আমায় পিছনে থেকে প্রচুর সাপোর্ট করেছেন। উনি শুধু আমায় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে বলেছিলেন। আমায় আরও বলেছিলেন পরিস্থিতি অনুযায়ী তোমায় খেলতে হবে না। অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে সেটা করার জন্য। আমাদের তোমার স্বাভাবিক খেলাটা দেখাও।"

লখনউ-এর প্রতি কৃতজ্ঞতা:
আয়ূষ আরও বলেছেন, "আমার নাম এই নিয়ে তিন বার এল। এর আগে প্রতিবারই অবিক্রিত রয়ে গিয়েছিলাম আমি। দু-তিনটি দলের ক্যাম্পেও অংশ নিয়েছিলাম, তবে আমি জানতাম না আমায় নেওয়া হবে কি না। লখনউ আমায় দলে নেয় এবং তার জন্য আমি কৃতিজ্ঞ তাদের কাছে। আমাকে নেওয়ার পর দু'টি ট্রায়াল ম্যাচে আমি পঞ্চাশের বেশি রান করি যা গৌতম ভাইয়া এবং কোচদের ভাল লাগে। বিজয় স্যার এবং অ্যান্ডি ফ্লাওয়ার দু'জনেই ক্রুণাল পাণ্ডিয়ার আগে আমায় পাঠানোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন।" প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়ায় টিম ম্যানেজমেন্টের পাশাপাশি অধিনায়ক কে এল রাহুলকেও ধন্যবাদ জানিয়েছেন আয়ূষ।

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স:
আয়ূষের জন্ম রাজধানী দিল্লিতে ৩ ডিসেম্বর, ১৯৯৯ সালে। ২০২১-এর জানুয়ারিতে মুম্বইয়ের বিপক্ষে তাঁর টি-২০ অভিষেক হয়। ডানহাতি ব্যাটসম্যান তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত দিল্লির হয়ে ৫টি ঘরোয়া টি-২০ ম্যাচ খেলেছেন, যেখানে মাত্র চার রান করেছেন তিনি।












Click it and Unblock the Notifications