কী ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারে কলকাতা নাইট রাইডার্স
যত শেষের দিকে আসছে আইপিএল ততই প্লে অফ নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়ছে প্রতিটি দলই। দেখে নেওয়া যাক কী ভাবে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করতে পারে কেকেআর।
দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ২০১৮ এর আইপিএলের নিলামে খোলনলচে বদলে গিয়েছে দলটা। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ছাড়া প্রতি ক্রিকেটারকেই ছেড়ে দেয় কলাকাতা। নিলাম থেকে এক ঝাঁক নতুন মুখ দলে নেয় কেকেআর। নতুন পুরনোর সংমিশ্রণে এই আইপিএলে ফের এক বার নিজেদের দাপট দেখাচ্ছে কেকেআর।

দু'বার কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীরের পরিবর্তে এবার কলকাতার ব্যাটন হাতে দীনেশ কার্তিক।
নতুন অধিনায়ক কিংবা নতুন দল হলেও সমস্যা হয়নি কলকাতার। কিন্তু হঠাৎ হাঠাৎ ভাল খেলতে খেলতে ছন্দ হারানোর পুরনো রোগটা রয়ে গিয়েছে একই রকম। আর এরই কারণে চলতি আইপিএলে কিছুটা হলেও আলগা কেকেআর এর শিকর।
২০১৮ আইপিএলে অধিকাংশ ম্যাচই খেলে ফেলেছে কেকেআর। নয় ম্যাচ খেলে কেকেআর-এর জয় পাঁচটিতে। হার চারটি ম্যাচে। ১০ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা।
তৃতীয় স্থানে থাকলেও জায়গাটা একেবারেই পোক্ত নয় কেকেআর এর জন্য। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ঘাড়ের উপর নিশ্বাস ফলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।
এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কী ভাবে প্লে অফ নিশ্চিত করতে পারে কলকাতা
সম্ভবনা ১, এখনও পর্যন্ত নয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জিতেছে কলকাতা। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিততেই হবে।
সম্ভবনা ২, কলকাতা নাইট রাইডার্সের পরের দু'টি ম্যাচই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে আজ যদি কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে যায় মুম্বই তা হলে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে রোহিতরা। ঘরের মাঠে এবং ওয়াংখেড়েতে মুম্বইকে হারাতেই হবে কেকেআরকে।
সম্ভবনা ৩, কিংস ইলেভেন পঞ্জাবের পরের দু'টি ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। কেকেআরের থেকে ২ ম্যাচ কম খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে সুবিধাজনক জায়গায় আছে প্রীতি জিন্টার দল। পর পর দুই ম্যাচে পঞ্জাব হারলে অনেকটাই সুবিধা পায়ে যাবে কেকেআর।
সম্ভবনা ৪, পরের পাঁচটি ম্যাচের মধ্যে ২টি ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে নাইট বাহিনী। প্রতিপক্ষ মুম্বই এবং রাজস্থান। এই দু'টি ম্যাচ থেকে জয় তুলে নিতে পারলে প্লে অফের রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে কেকেআরের জন্য।
এছাড়া প্লে অফের লড়াইতে পৌছতে হলে বেশ কিছু বিভাগেও পরিবর্তন আনতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
এক সময়ের বিশ্বের এক নম্বর পেসার মিচেল জনসন নিজের চেনা ছন্দের ধারের কাছে নেই। প্রতি ম্যাচেই অজস্র রান খরচ করছেন তিনি। দলকে ভরসা জোগাতে ব্যর্থ টম কুরানও। প্লে অফের আগে একবার অন্তত ক্যামরন ডেলপোর্ট এবং তরুণ প্রসিদ্ধ কৃষ্ণকে সুযোগ দিয়ে দেখতে পারে কেকেআর।












Click it and Unblock the Notifications