শাহবাজ নজর কাড়লেন অভিষেকে, সিরাজের দাপটে দক্ষিণ আফ্রিকা তিনশো পার করতে ব্যর্থ
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাতে ভারতের টার্গেট ২৭৯। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক কেশব মহারাজ। রিজা হেন্ডরিকস ও এইডেন মার্করামের অর্ধশতরানের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। মহম্মদ সিরাজ পেলেন ৩টি উইকেট। অভিষেকে একটি উইকেট এসেছে শাহবাজ আহমেদের ঝুলিতে।

শুরুতে ধাক্কা সিরাজের
দক্ষিণ আফ্রিকা এদিনের ম্যাচে প্রথম এগারোয় তিনটি পরিবর্তন এনেছে। ভারত সফরে জঘন্য ফর্মে থাকা অধিনায়ক তেম্বা বাভুমা এদিন খেলছেন না। তিনি এবং তাবরেজ শামসি অসুস্থতার কারণে খেলছেন না বলে টসের সময় জানান কেশব মহারাজ। শামসিও বল হাতে চেনা ছন্দে নেই। এ ছাড়া লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দিয়ে আনরিখ নরকিয়াকে খেলাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়াও খেলছেন রিজা হেন্ডরিকস ও বিয়র্ন ফরটুইন। ভারতীয় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। একদিনের আন্তর্জাতিকে এদিন অভিষেক হলো শাহবাজ আহমেদের। তৃতীয় ওভারের প্রথম বলেই কুইন্টন ডি কককে আউট করেন মহম্মদ সিরাজ। দলের সাত রানের মাথায় ব্যক্তিগত ৮ বলে ৫ রান করে বোল্ড হন ডি কক।
শাহবাজের প্রথম উইকেট
দশম ওভারের প্রথম বলে প্রোটিয়া ইনিংসে আঘাত হানেন শাহবাজ। জ্য়ানেম্যান মালানকে প্রথমে আউট দেননি আম্পায়ার বীরেন্দ্র শর্মা। ভারত রিভিউ নেয়। দেখা যায় বল উইকেটে লাগছে। মালান লেগ বিফোর হন ৩১ বলে ২৫ রান করে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলার অলরাউন্ডার শাহবাজ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটটি পড়ে ৪০ রানে।

হেন্ডরিকস-মার্করাম শতরানের পার্টনারশিপ
এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংসে শক্ত ভিতে দাঁড় করান রিজা হেন্ডরিকস ও এইডেন মার্করাম। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ১২৯ রান। হেন্ডরিকস ৫৮ বলে ও মার্করাম ৬৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৩১.২ ওভারে এই জুটি ভাঙেন সিরাজ। ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৬ বলে ৭৪ রান করে শাহবাজের হাতে ক্যাচ দেন হেন্ডরিকস।
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৭৯
২টি করে চার ও ছয় মেরে হেইনরিখ ক্লাসেন ২৬ বলে ব্যক্তিগত ৩০ রানে কুলদীপ যাদবের শিকার হন। মহম্মদ সিরাজ দারুণভাবে ক্যাচটি তালুবন্দি করেন। ৩৮ ওভারে ২১৫ রানে চতুর্থ উইকেট পড়ার দুই বল পর ওই ২১৫ রানের মাথাতেই পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৯ বলে সর্বাধিক ৭৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম। তাঁর উইকেটটি নেন দীপক চাহারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর। ৪৬.২ ওভারে ২৫৬ রানে পড়ে ষষ্ঠ উইকেট। শার্দুল ঠাকুরের বলে আউট হন ওয়েন পারনেল (২২ বলে ১৬)। ৪৯.৫ ওভারে কেশব মহারাজ (১৩ বলে ৫)-কে বোল্ড করে দেন সিরাজ। চারটি চারের সাহায্যে ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

বোলারদের পারফরম্যান্স
দক্ষিণ আফ্রিকাকে তিনশোর কমে থামিয়ে দেওয়ার জন্য কৃতিত্ব দিতে হবে ভারতীয় বোলারদের। ৩৬.২ ওভারে দক্ষিণ আফ্রিকার ২০০ রান হয়ে গিয়েছিল। সেখান থেকে ১৩.৪ ওভারে ৭৮ রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৫ উইকেটে ২২১। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৬। ভারতের বোলারদের মধ্যে সফলতম মহম্মদ সিরাজ, তিনি পেলেন ৩টি উইকেট। শেষ ওভারে একটি উইকেট তুলে নেওয়ার ফাঁকে মাত্র তিন রান দেন সিরাজ। সিরাজ একটি মেডেন-সহ ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। শাহবাজ আহমেদ ১০ ওভারে ৫৪, কুলদীপ যাদব ৯ ওভারে ৪৯, ওয়াশিংটন সুন্দর ৯ ওভারে ৬০ ও শার্দুল ঠাকুর ৫ ওভারে ৩৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। আবেশ খান ৭ ওভারে দেন ৩৫ রান, তিনি কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications