বড় প্রস্তাব নাকচ! রাজস্থান রয়্যালস ছাড়লেন হেড কোচ দ্রাবিড়
আগামী বছরের আইপিএলের আগে বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের। সরে দাঁড়ালেন হেড কোচ রাহুল দ্রাবিড়। আজ এ কথা জানানো হয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের তরফে। গত বছরের ৬ সেপ্টেম্বর দ্রাবিড়ের নাম হেড কোচ হিসেবে ঘোষণা করেছিল রাজস্থান রয়্যালস। তবে এক বছরের আগেই শেষ হলো দ্রাবিড়ের এই ইনিংস।
অধিনায়ক সঞ্জু স্যামসন এই দল ছাড়তে পারেন বলে জোর চর্চা আছে। সঞ্জুকে ছাড়তে রয়্যালস কর্তারা ট্রেডিংয়ের চেষ্টা করছেন বলেও খবর। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স সঞ্জুকে নিতে পারে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরোয়। তবে সঞ্জু দল ছাড়ছেন কিনা তা চূড়ান্ত নয়। তার আগেই সরে গেলেন দ্রাবিড়।

টি২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করানোর পর সেই দলের হেড কোচের হাতেই দল পরিচালনার ভার তুলে দেয় রাজস্থান রয়্যালস। দ্রাবিড়ের কথাতেই ব্যাটিং কোচ করা হয় বিক্রম রাঠোরকে। তবে নিলাম থেকে খুব ভালো ক্রিকেটার তুলতে না পারায় কাঙ্ক্ষিত সাফল্য রাজস্থান রয়্যালস পায়নি চলতি বছরের আইপিএলে। সঞ্জুও ফিট ছিলেন না পুরোপুরি। দ্রাবিড়ের দল পরিচালনা নিয়েও সঞ্জু খুব একটা সন্তুষ্ট ছিলেন না বলে জানা গিয়েছিল। রাজস্থান রয়্যালস আজ জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে দ্রাবিড়ের কাজের পরিধি বাড়ানোর কথাও বলা হয়েছিল। যদিও তিনি রাজি হননি।












Click it and Unblock the Notifications