এক ওভারে ৬টি ছক্কা! হজরতুল্লা হলেন তালিকার ষষ্ঠ - আর কাদের আছে এই কৃতিত্ব, জেনে নিন
আফগান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আফগান ব্যাটসম্যান হজরতুল্লা জাজাই এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন। দেখে নিন একই কৃতিত্ব থাকা আরো ৫ ব্যাটসম্যানের তালিকা।
আফগান প্রিমিয়ার লিগের টি২০ ম্যাচে বাল্খ লেজেন্ডস বনাম কাবুল জওয়ানস ম্যাচে এক ওভারের ৬ বলে ছয়টি ছক্কা মারলেন আফগান ব্যাটসম্য়ান হজরতুল্লা জাজাই। কাবুল জওয়ানের হয়ে ওই ছয় ছক্কার সৌজন্যে মাত্র ১২ বলেই অর্ধশতরান করেন হজরতুল্লা।
যে কোনও স্তরেই ক্রিকেটে এক ওভারে ছটি ছয় মারা কৃতিত্বের বিষয়। ক্রিকেট ইতিহাসে এতদিন মাত্র ৫ ব্যাটসম্যানের এই কৃতিত্ব ছিল। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেই তালিকায় নাম লেখালেন হজরতুল্লা জাজাই।

স্যার গারফিল্ড সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)
ক্রিকেট ইতিহাসে স্যার গ্যারি সোবার্সই প্রথম ব্যাটসম্যান যিনি ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। নটিংহ্যামশায়ারের অধিনায়ক হিসাবে গ্ল্যামারগন-এর বোলার ম্যালকম ন্যাশের বিরুদ্ধে তিনি ওই বিরল কৃতিত্বের অধিকারি হন। সোবার্স প্রথম পাঁচটি বলে বাউন্ডারি পার করে দেন। ষষ্ঠ বলটি গিয়েছিল ফিল্ডার রজার ডেভিসের হাতে। কিন্তু তিনি বলটি তালুবন্দি করে ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারির বািরে বেরিয়ে গিয়েছিলেন। সোবার্সের আগে টেড অ্যালটসনের এক ওভারে নেওয়া ৩৪ রানই এক ওভারে সর্বোচ্চ রান ছিল। সোবার্স নয়া এক তালিকার জন্ম দেন।

রবি শাস্ত্রী (ভারত)
এই তালিকার দ্বিতীয় নাম ভারতের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রীর। বরোদার বিরুদ্দে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে তাঁর ব্যাট থেকে এক ওভারে রকেটের গতিতে ছয়টি ছয় উড়ে গিয়েছিল। বোলার ছিলেন বাঁহাতি স্পিনার তিলক রাজ।

হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস প্রথম এই কৃতিত্বের অধিকারী হন। ওয়ানডে ক্রিকেটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্যান ভ্যান বুঙ্গের এক ওভারে তিনি ছয়টি ছক্কা মারেন। তাও আবার মঞ্চটা ছিল ২০০৭ বিশ্বকাপ। এর ফলে আরও একটি কাজ হয়েছিল। হ্যাবিট্যাট অব হিউম্যানিটি হাউজিং প্রজেক্টের জন্য গিবসের,ওই ছয় ছক্কায় এক মিলিয়ন মার্কিন ডলার উঠেছিল। স্পনসর জনি ওয়াকার বিশ্বকাপের আগে এই অঙ্গিকার করেছিল। একুশ শতকে গিবসই প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছক্কা মারেন।

যুবরাজ সিং (ভারত)
২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন যুবরাজ সিং। সেই রোষই গিয়ে পড়েছিল অপর ইংরেজ বোলার স্ট্রুয়ার্ট ব্রডের উপর। আক্ষরিক অর্থে স্টেডিয়ামের প্রায় সব কোণে ছয়টি দুর্দান্ত শট মেরেছিলেন তিনি। এই তালিকায় থাকা ব্যাটসম্যানদের মধ্যে যুবরাজের মারা ছয়টি ছয়ই সম্ভবত সবচেয়ে রাজকীয়।

জর্ডন ক্লার্ক (ইংল্যান্ড)
ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জর্ডন ক্লার্ক বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। ইয়র্কশায়ারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের ব্যাটসম্যান জর্ডন ওই কাণ্ড ঘটান। বোলার ছিলেন বাঁহাতি স্পিনার গুরুমান রণধাওয়া। তবে তাঁর ছয়গুলি সবই ছিল মিড উইকেট এলাকায়। একের পর এক সুইপ মেরে ছটি ছক্কা হাঁকান তিনি।
|
হজরুতুল্লা জাজাই (আফগানিস্তান)
তালিকায় ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজের নাম তুলেছেন এই ২০ বছরের আফগান ব্যাটসম্যান। বোলার ছিলেন আরও এক বাঁহাতি স্পিনার আবদুল্লা মাজারি। তাঁর ওই এক ওভারেরই ৩৭ রান ওঠে। ছয় ছক্কার পাশাপাশি তিনি একটি ওয়াইড বলও করেছিলেন।
টি২০ ক্রিকেটে যুবরাজের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি কৃতিত্বের অধিকারী হলেন। যুবরাজের মতো হজরতুল্লাও ১২ বলেই অর্ধশতরান করেন। তবে এই ধুন্ধুমার ব্যাট করেই হজরতুল্লা নিজের দলকতে জেতাতে পারেননি। বাল্খ লেজেন্ডসদের বিরুদ্ধে কাবুল জওয়ানরা হারে ২১ রানে।
আগে ব্যাট করে বাল্খ লেজেন্ডস তুলেছিল ২৪৪ রান! তাদের দলে যে রয়েছেন টি২০-তে আরেক ১২ বলে অর্ধশতরান করা ব্যাটসম্য়ান ক্রিস গেইল। তিনি মাত্র ৪৮ বলে ১০টি ৬-সহ ৮০ রান করেন।












Click it and Unblock the Notifications