বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে বিসিসিআই-এর নজরে ২০ জন, দেখে নিন কারা হতে পারেন এই ক্রিকেটাররা
বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে বিসিসিআই-এর নজরে ২০ জন, দেখে নিন কারা হতে পারেন এই ক্রিকেটাররা
জানা গিয়েছে রিভিউ মিটিংয়ে আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর জন্য ২০ জন সম্ভাব্য ক্রিকেটারকে শটলিস্ট করে নিয়েছে বিসিসিআই। এই ২০ জন কারা সেই নাম সামনে না এলেও তাঁদের নাম উঠে গিয়েছে বিসিসিআই কর্তাব্যক্তিদের খাতায় এবং তাঁদের উপর নজর রাখা হবে কাছ থেকে দেশের মাটিতে হতে চলা এই শো পিস ইভেন্টের জন্য।
এই ক্রিকেটাররা যাতে ২০২৩ আইপিএল-এ চোট না পায় তার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) তাদের আইপিএল দলগুলির সঙ্গেও যোগাযোগ রাখবে। বোর্ড এখনও কোন ২০ জন এই তালিকায় রয়েছে সেই বিষয়ে না জানালেও এক নজরে দেখে নিন কারা হতে পারেন এই ২০ জন সম্ভব্য ক্রিকেটার।

রোহিত শর্মা:
ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মা দলের অটোমেটিক চয়েস। তাঁর যা পারফরম্যান্স তাতে অধিনায়কত্ব যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। গত বছরটা দুর্দান্ত গিয়েছে রোহিতের জন্য।

ঈশান কিষান:
ঝাড়খণ্ডের এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ইতিহাস তৈরি করে দ্রুততম দ্বি-শতরান পূর্ণ করেছেন। এমনিতেই সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ হিসেবে তাঁকে গণ্য করা হয়। রোহিত শর্মার সঙ্গে ওপেন করার জন্য তিনিই সেরা অপশন হতে পারেন।

শুভমন গিল / শিখর ধাওয়ান:
গিলের ধারাবাহিকতা রয়েছে এবং তাঁকে ওপেনার হিসেবে দ্বিতীয় পছন্দ হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু ঈশান কিষানের পারফরম্যান্সের পর গিল তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। তবে, উড়িয়ে দেওয়া যায় না শিখর ধাওয়ানের সম্ভাবনাও। শিখর ধাওয়ান দীর্ঘ দিনের অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করতে পারে ভারত।

বিরাট কোহলি:
পারফরম্যান্সে কোনও ধারাবাহিকতা নেই। কবে চলবেন, কবে চলবেন না তা বিরাট নিজেও জানেন না। চূড়ান্ত আপ্রেডিক্টেবল এই ক্রিকেটারকে দলে রাখতে হবে শুরু অতীতের পরিসংখ্যানের কারণে। না হলে তাঁর পরিবর্তে খেলার জন্য অনেক যোগ্য দাবিদার রয়েছে। দীর্ঘ দিন এই ফরম্যাটে শতরানের দেখা নেই বিরাটের ব্যাটে।

সূর্যকুমার যাদব:
মিডল অর্ডারে সূর্যকুমার যাদবকে যে কোনও ভাবে ফিট করতে চাইবে ভারত। গত বছর টি ২০ ক্রিকেটে এবং বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন সূর্যকুমার। এই রকম ছন্দে থাকা এক জন ব্যাটসম্যানকে মিডল অর্ডারে চাইবে যে কোনও দল।

ঋষভ পন্থ:
তিন ফরম্যাটেই ভারতের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ঋষভ পন্থ। কিন্তু তাঁর সার্ভিস কতটা পাওয়া যাবে তা নির্ভর করবে তিনি কতটা তাড়াতাড়ি সেরে উঠতে পারেন তার উপর। গত সপ্তাহে বিভৎস অ্যাক্সিডেন্টে আহত হন পন্থ। ২০২২ সালে ওডিআই ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন ঋষভ পন্থ। শেষ দশ ইনিংসে ৩৭.৩৩ গড়ে ব্যাটিং করেছেন ঋষভ। তবে, টপ অর্ডারে খেলার সময়েই বেশির ভাগ স্মরণীয় ইনিংসগুলি উপহার দিয়েছেন তিনি।

কে এল রাহুল:
ভারতীয় দলের সহ অধিনায়কের পদ হারিয়েছেন কে এল রাহুল। হার্দিক পাণ্ডিয়া এখন ভারতের সহ অধিনায়ক। কে এল রাহুল বর্তমানে সেরা ছন্দে নেই কিন্তু তাঁর দক্ষতাকে ছোট করে দেখা যায় না। তিনি যথেষ্ট উচ্চমানের এক জন ক্রিকেটার এবং বিশ্বকাপে দেশের সম্পদ হয়ে উঠতে পারেন।

হার্দিক পাণ্ডিয়া:
গত বছরটা দুর্দান্ত গিয়েছে হার্দিকের। চোট থেকে ফিরে যেন আরও ভাল ভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। ব্যাট এবং বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সের কারণেই দলের অন্যতম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে থাকবে পারেন পাণ্ডিয়া।

রবীন্দ্র জাডেজা:
এশিয়া কাপের অধিকাংশ সময়টাই চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন জাডেজা। বিশ্বকাপেও এই চোট তাঁর অংশ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে ধীরে ধীরে চোট কাটিয়ে তিনি উঠেছেন। তিনি সম্পূর্ণ ফিট থাকলে হয়তো দলে না রাখার ভুল করবে না বিসিসিআই। জাডেজার বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং বেশ কার্যকরী।

সঞ্জু স্যামসন:
গত বছর যখনই সুযোগ পেয়েছেন তখনই ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন সঞ্জু স্যামসন। পারফর্ম করেছে প্রায় প্রতিটি প্রাপ্ত সুযোগেই। ভারতের স্কোয়াডে থাকতে পারেন তিনি।

ওয়াশিংটন সুন্দর:
স্পিন বোলিং এই অলরাউন্ডার দেখিয়েছেন তিনি শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ। তাঁকেও রাখা হয়ে পারে এই ২০ জনের সম্ভাব্য স্কোয়াডে যা বেছে নেওয়া হয়েছে রিভিউ মিটিং-এ।

জসপ্রীত বুমরাহ:
চোটের কারণে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর ছিটকে যাওয়া ছিল ভারতের কাছে বড় ধাক্কা। বুমরাহ ফিট হয়ে গেলে জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা অনেক বেশি। যদিও তাঁর অবর্তমানে বহু তরুণ বোলার নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন এবং তাঁদের সঙ্গে লড়াই হতেই পারে বুমরাহের।

যুজবেন্দ্র চাহাল:
এ বারের বিশ্বকাপ যেহেতু আয়োজিত হবে ভারতে তাই স্পিনারদের মুখ্য ভূমিকা থাকবেই। সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহালকে দল থেকে বাদ দেওয়া কঠিন হতে পারে নির্বাচকদের জন্য। যদিও টি ২০ বিশ্বকাপে দলে রাখলেও খেলানোই হয়নি চাহালকে।

কুলদীপ যাদব:
যুজবেন্দ্র চাহালের মতো কুলদীপ যাদবও ভারতীয় নির্বাচকদের প্ল্যানে নিশ্চয়ই থাকবেন। বাংলাদেশ সফরে যতটুকু সুযোগ পেয়েছিলেন তাতেই নিজের জাত চিনিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের সেরা ক্রিকেটার হয়েও দ্বিতীয় টেস্টে তাঁকে ড্রপ করা হয় দল থেকে।

মহম্মদ শামি:
টি ২০ বিশ্বকাপের সেরা বোলারের মধ্যে এক জন ছিলেন মহম্মদ শামি। টেস্ট বা ওডিআই ক্রিকেটে শামির বিকল্প হয় না। তাঁর লাইন এবং লেন্থ দলের সম্পদ। ফলে ২০২৩ বিশ্বকাপে তাঁকে ছাড়া খেলার ঝুঁকি হয়তো নিতে চাইবে না ভারত।

মহম্মদ সিরাজ:
২০ জনের এই বাছাই করা দলে থাকতেই পারে মহম্মদ সিরাজের নাম। তবে প্রথম দলে জায়গা পেতে হলে আরও অনেক ভাল পারফর্ম করতে হবে সিরাজকে।

অর্শদীপ সিং:
টি ২০ বিশ্বকাপে যে কয়েক জন ভারতীয় ক্রিকেটার নিজেদের দক্ষতার উপর ভর করতে সারা বিশ্বের নজর কেড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম অর্শদীপ সিং। টি ২০ বিশ্বকাপে নিয়মিত পেসার ছিলেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও দলের নিয়মিত একাদশের সদস্য হয়ে উঠতে পারেন পাঞ্জাবের এই পেসার।

ভুবনেশ্বর কুমার:
বাছাই করা ২০ জনের মধ্যে ভুবনেশ্বর কুমারের নাম থাকলেও থাকতে পারে। তবে, তাঁর চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন। যদি রাতারাতি বিশাল পরিবর্তন না করতে পারেন ফর্মের তা হলে ২০ জন থেকে যে কয়েক জন বাদ যাবেন তাঁদের মধ্যে থাকতেই পারে ভুবনেশ্বর কুমারের নাম।

উমরান মালিক:
উমরান মালিক সুযোগ পেতে পারেন দেশের মাটিতে বিশ্বকাপে। উমরানের আগুনে পেসকে ব্যবহার করার চেষ্টা করবে ভারত।












Click it and Unblock the Notifications