Haryana Assembly Election 2024: শেহওয়াগের প্রচারের পরও ভরাডুবি! কংগ্রেস-গড়ে পরাস্ত প্রাক্তন বিসিসিআই কর্তা
Haryana Assembly Election 2024: হরিয়ানা বিধানসভা নির্বাচনে তোশামে লড়াই ছিল হেভিওয়েট পরিবারের ভাই-বোনের। চারবারের মুখ্যমন্ত্রী বংশী লালের নাতনি জিতলেন, হারলেন নাতি!
কিরণ চৌধুরী মেয়ে শ্রুতিকে নিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই শ্রুতিই জ্যাঠতুতো ভাই অনিরুদ্ধ চৌধুরীকে হারিয়ে দিলেন। অনিরুদ্ধকে কংগ্রেস প্রার্থী করেছিল। অনিরুদ্ধর প্রচারে গিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগও।

২০০০ সাল থেকে টানা তোশাম কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে। ২০০০ সালে ধরমবীর সিং পঙ্ঘলের পর ২০০৫ সালে জেতেন সুরেন্দর সিং। তাঁর প্রয়াণের পর ২০০৫ সালেই উপনির্বাচনে জেতেন কিরণ চৌধুরী। এরপর ২০১৯ সাল অবধি তিনি টানা এই আসন থেকে জয়লাভ করেছিলেন।
কিরণ বিজেপিতে যোগদানের পর রাজ্যসভার সদস্য হয়েছেন। তাঁর কন্যা শ্রুতি এবার মায়ের জেতা আসনে ছিলেন বিজেপির প্রার্থী। এই প্রথম তোশামে বিজেপি জিতল। ১৪২৫৭ ভোটে শ্রুতি হারিয়ে দিলেন কংগ্রেসের অনিরুদ্ধকে। অনিরুদ্ধ বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ। ২০১১ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে ম্যানেজারও ছিলেন।
১৯৬৭ ও ১৯৭২ সালে তোশাম থেকে চৌধুরী বংশী লাল জয়লাভ করেছিলেন কংগ্রেসের টিকিটে। ১৯৭৭ সালে নির্দল প্রার্থী হিসেবে এই আসন থেকে জেতেন বংশী লালের ছোট ছেলে সুরেন্দর সিং, পরে তিনি কংগ্রেসের হয়েও জেতেন। ১৯৮৬ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটেই জিতে মুখ্যমন্ত্রী হন বংশী লাল।
১৯৯১ ও ১৯৯৬ সালে হরিয়ানা বিকাশ পার্টি গড়ে এই তোশাম থেকেই বংশী লাল জিতেছিলেন। বংশী লালের বড় ছেলে রণবীর সিং মহেন্দ্র। জগমোহন ডালমিয়া বিসিসিআই সভাপতি হওয়ার আগে তিনি বিসিসিআই সভাপতি ছিলেন। তাঁরই পুত্র বছর আটচল্লিশের অনিরুদ্ধ এবার ভোটে লড়লেন। কিন্তু খুড়তুতো বোনের কাছে পরাস্ত হলেন।
উল্লেখ্য, বিসিসিআইয়ে হরিয়ানার প্রতিনিধিত্ব করেন অনিরুদ্ধ। রণবীর সিং মহেন্দ্র তাঁকে অনেক উপকার করেছেন বলে জানিয়ে অনিরুদ্ধর সমর্থনে প্রচারে গিয়ে তাঁকে জেতানোর আহ্বান করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। কিন্তু বীরুর আবেদনে সাড়া দেননি তোশামের মানুষ। তাঁরা কিরণ-কন্যাকেই আশীর্বাদ করলেন।












Click it and Unblock the Notifications