Harry Singh: ভারতের হয়ে খেলেছেন আরপি সিং, পুত্র হ্যারি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ইংল্যান্ডের দ্বাদশ ব্যক্তি
Harry Singh: বাবা ভারতের প্রাক্তন ক্রিকেটার। পুত্র এবার টেস্টে দ্বাদশ ব্যক্তি হয়ে ফিল্ডিং করতে নামলেন ইংল্যান্ডের হয়ে। ম্যানচেস্টারে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে।
বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই জানতে চাইছেন, কীভাবে এমনটা সম্ভব হলো?

ম্য়ানচেস্টারে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট শুরু হয়েছে গতকাল থেকে। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে। ইংল্যান্ডের স্কোর আপাতত ৪ উইকেটে ১৩২। এই টেস্টেই হ্যারি সিং ফিল্ডিং করতে নেমেছিলেন। তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার আরপি সিংয়ের পুত্র।
ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন রুদ্রপ্রতাপ সিং নাম দুই ক্রিকেটার। সিনিয়র আরপি সিং বল করতেন ডান হাতে, অপর আরপি সিং বাঁহাতি পেসার। সিনিয়র আরপি ১৯৮৬ সালে হায়দরাবাদ ও রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি ওডিআই খেলেছেন।
Proud day for @lancscricket with Charlie Barnard, Kesh Fonseka and Harry Singh on 12th man duties for England. 🦁
— Lancashire Cricket (@lancscricket) August 21, 2024
Enjoy the experience, lads! 💪
🌹 #RedRoseTogether | #ENGvSL pic.twitter.com/T9SabVmgIN
দুটি ওডিআইয়ে একটি উইকেট রয়েছে আরপি সিং সিনিয়রের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫০টি ও লিস্ট এ-তে তাঁর উইকেট-সংখ্যা ২৬। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪১৩ রান রয়েছে তাঁর, একটি শতরান ও চারটি হাফ সেঞ্চুরি-সহ। এই আরপি সিংয়ের বয়স এখন ৫৯। তাঁর পুত্র হ্যারি খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। তিনিই গতকাল ইংল্যান্ডের দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে নেমে ফিল্ডিং করেন।
ইংল্যান্ড এই টেস্টে টস জিতে ফিল্ডিং নেয়। প্রথম সেশনে বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন হ্যারি। মধ্যাহ্নভোজের বিরতির পর হ্যারি ব্রুকের জায়গায় ফিল্ডিং করতে নামেন হ্যারি সিং। হ্যারির বাবা আরপি ১৯৯১ সালে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছেন। দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে মধ্যাঞ্চলের হয়ে।
অবসর নেওয়ার পর ১৯৯০-এর দশকের শেষের দিকে পরিবার নিয়ে আরপি চলে যান ইংল্যান্ডে। সেখানে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। হ্যারি সিং নজরে পড়েন ২০২২ সালে। অনূর্ধ্ব ১৯ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে খেলে।
গত মাসে লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারে অভিষেক হয় হ্যারির, ওয়ান ডে কাপে। বছর ২০-র হ্যারি ৭ ম্যাচে ৮৭ রান করেছেন, সর্বাধিক ২৫ রান। গড় ১২.৪২, স্ট্রাইক রেট ৬৪.৪৪। অফ-ব্রেক বোলিং করতে পারেন, ২টি উইকেটও ঝুলিতে রয়েছে হ্যারি সিংয়ের।
এদিকে, শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৭৪ রান করেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। নয়ে নামা মিলন রত্নায়েকে করেন ৭২। ক্রিস ওকস ও শোয়েব বশির নেন তিনটি করে উইকেট। গাস অ্যাটকিনসনের সংগ্রহ ২টি উইকেট। ইংল্যান্ডের হয়ে এখনও অবধি সর্বাধিক ৪২ রান জো রুটের।












Click it and Unblock the Notifications