ODI Record: প্রতিপক্ষ একই! হ্যারি ব্রুকের অর্ধশতরানে চুরমার বিরাট কোহলির ঈর্ষণীয় রেকর্ড
ODI Record: হ্যারি ব্রুকের দুরন্ত অর্ধশতরানে ভেঙে গেল বিরাট কোহলির রেকর্ড। একদিনের আন্তর্জাতিকে দ্বিপাক্ষিক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ডের মালিক আজ থেকে ব্রুক।
২০১৯ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি যে রেকর্ডটি গড়েছিলেন, পাঁচ বছরের মধ্যে তা ভেঙে গেল ইংল্যান্ডের মাটিতে। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়াই।

আজ ব্রিস্টলে চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ নির্ণায়ক পঞ্চম একদিনের আন্তর্জাতিক। অস্ট্রেলিয়া টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। ৪৯.২ ওভারে ইংল্যান্ড তুলেছে ৩০৯ রান। ওপেনার বেন ডাকেট ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে করেছেন ৯১ বলে ১০৭।
দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান অধিনায়ক হ্যারি ব্রুকের। তিনি চারে নেমে তিনটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ট্রাভিস হেড ৬.২ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। ওডিআই কেরিয়ারে এটি হেডের সেরা বোলিং ফিগার।
ব্রুক অবশ্য আউট হন অ্যাডাম জাম্পার বলে। অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জাম্পাও দুটি করে উইকেট দখল করেছেন। আজকের এই ইনিংসের ফলে চলতি সিরিজে ব্রুকের মোট রান দাঁড়াল পাঁচ ম্যাচে ৩১২। গড় ৭৮, স্ট্রাইক রেট ১২৭.৮৬।
ব্রুক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম দুটি ম্যাচে নটিংহ্যাম ও লিডসে যথাক্রমে ৩৯ ও ৪ রান করেছিলেন। এরপর চেস্টার-লে-স্ট্রিটে তৃতীয় ম্যাচে তিনি অপরাজিত থাকেন ১১০ রানের ইনিংস খেলে। চতুর্থ ম্যাচে লর্ডসে করেছিলেন ৮৭। তারপর এদিনের ৭২।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে ওডিআই সিরিজে অধিনায়ক বিরাট কোহলি ৫ ম্যাচে ৩১০ রান করেছিলেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৬২। এতদিন অবধি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে কোনও অধিনায়কের করা রানের নিরিখে সেটিই ছিল সর্বাধিক।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৯ সালে তিনি ধোনি ৬ ম্যাচের সিরিজে ২৮৫ রান করেছিলেন। এরপর রয়েছেন যথাক্রমে ইয়ন মর্গ্যান (২৭৮), বাবর আজম (২৭৬), এবি ডি ভিলিয়ার্স (২৭১), অ্যান্ড্রু স্ট্রস (২৬৭)।












Click it and Unblock the Notifications