IND Wom vs AUS Wom: মহিলাদের ওডিআই সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার, হরমনপ্রীত সরব কোন বিভাগ নিয়ে?
IND Wom vs AUS Wom: টেস্টে হারার লজ্জা সুদে-আসলে উশুল করল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতকে ১৯০ রানে হারাল অজিরা।
যার জেরে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ বাঁচাতে পারল না হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। এরপর রয়েছে টি২০ আন্তর্জাতিক সিরিজ।

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ৩৩৮ রান। ওপেনার ফোবি লিচফিল্ড ১৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২৫ বলে ১১৯ রান করেন। তিনিই ম্যাচের সেরা, পেলেন সিরিজ সেরার পুরস্কারও। ওডিআই সিরিজে ২৬০ রান করার দৌলতে।
হিলি ওপেন করতে নেমে ৮৫ বলে ৮২ রান করেন। ওপেনিং জুটিতেও ওঠে ২৮.৫ ওভারে ১৮৯ রান। অ্যাশলে গার্ডনার করেছেন ৩০ রান। ১০ ওভারে ৫৭ রান দিয়ে তিন উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। আমনজ্যোৎ কৌর ১০ ওভারে ৭০ রান খরচ করে পেলেন ২টি উইকেট। পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা ১টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ভারত ৩২.৪ ওভারে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায়। যস্তিকা ভাটিয়া ৬, স্মৃতি মান্ধানা ২৯, রিচা ঘোষ ১৯, হরমনপ্রীত কৌর ৩, জেমাইমা রডরিগেজ ২৫, আমনজ্যোৎ ৩, পূজা বস্ত্রকার ১৪, শ্রেয়াঙ্কা ২, রেণুকা সিং ০ ও মান্নত কাশ্যপ ৮ রান করেন। দীপ্তি ২৫ রান করে অপরাজিত থাকেন।
জর্জিয়া ওয়ারহ্যাম ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। আলানা কিং, অ্যানাবেল সাদারল্যান্ড ও মেগান শুট ২টি করে উইকেট দখল করেছেন। হরমনপ্রীত কৌর ম্যাচের শেষে বলেন, একদিনের সিরিজ আমাদের ভালো গেল না। সকলেই সেরাটাই দিতে চেয়েছিলেন। কয়েকজন ভালো খেলেছেন। কিন্তু কী করণীয় সেটা আরও বেশি করে উপলব্ধি করতে হবে কয়েকজনকে।
হরমনপ্রীতের কথায়, লাল বলে টেস্ট ক্রিকেট খেলার সময় অনেক কিছু ভাবার সময় পাওয়া যায়। কিন্তু সাদা বলের ক্রিকেটে সেই পর্যাপ্ত সময় থাকে না। সব সময় সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই হয়। সামনে টি২০ সিরিজ রয়েছে। ফলে আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে। দলে যাঁরা নতুন এসেছেন তাঁদের পারফরম্যান্সে সন্তুষ্ট ভারত অধিনায়ক। প্রশংসা করেছেন শ্রেয়াঙ্কার।
ওডিআই সিরিজেও ফারাক গড়েছে দুই দলের ফিল্ডিং। হরমনপ্রীত বলেন, আমরা সব সময় অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের কথা বলে থাকি। স্কিলের নিরিখে দুই দলের ফারাক বিশেষ নেই। কিন্তু সব সময় অজিদের ফিল্ডিং থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে। কেন না, বিভিন্ন সময় এই বিভাগটা ভোগাচ্ছে। সামনের ম্যাচগুলিতে ভালো ফিল্ডিং সুনিশ্চিত করতে হবে। শুক্রবার থেকে শুরু টি২০ সিরিজ।












Click it and Unblock the Notifications