AUS-W vs IND-W: অস্ট্রেলিয়ায় মুখ থুবড়ে পড়ল ভারত, ব্যাটিংয়ে উন্নতি চান হরমনপ্রীত
AUS-W vs IND-W: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক একদিনের আন্তর্জাতিক সিরিজে কখনও জেতেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। হেরেছে ৯ বার।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে এবার প্রথম ওডিআইয়েই মুখ থুবড়ে পড়ল হরমনপ্রীত কৌরের ভারত। ঘুরে দাঁড়াতে ব্যাটিং বিভাগে উন্নতি চাইছেন হরমনপ্রীত।

ব্রিসবেনের অ্যালান বর্ডার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। ২৬.১ ওভারে ৮৯ রানে পড়েছিল পঞ্চম উইকেট। সেখান থেকে ৩৪.২ ওভারে ভারত গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। অর্থাৎ শেষ ৬টি উইকেট পড়ে ১১ রানের মধ্যে।
জেমাইমা রডরিগেজ ৪২ বলে ২৩, হারলিন দেওল ৩৪ বলে ১৯, হরমনপ্রীত কৌর ৩১ বলে ১৭ ও রিচা ঘোষ ৩৫ বলে ১৪ রান করেন। তিন থেকে ছয় নম্বর ব্য়াটার ২ অঙ্কের রান পেলেও বাকিরা পারেননি। স্মৃতি মান্ধানা করেন ৮। বাকিরা পাঁচেও পৌঁছতে পারেননি। অকিরিক্ত রান ৯।
মেগান শুটের ৬.২ ওভারে ১টি মেডেন, তিনি ১৯ রান খরচ করে পাঁচটি উইকেট দখল করবলেন। কিম গার্থ, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা কিং একটি করে উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে নেমে ১৬.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। অভিষেক ম্যাচে ৪২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন জর্জিয়া ভল। ফোয়েব লিচফেল্ড করেন ২৯ বলে ৩৫। এলিস পেরি ও বেথ মুনি দুজনেই ১ রানে আউট হন।
সাদারল্যান্ড করেন ৬, গার্ডনার ৮। ২ বলে চার রানে অপরাজিত থাকেন অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। রেণুকা সিং ৭ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট পেলেন। প্রিয়া মিশ্র ২ ওভারে ১১ রান খরচ করে পেলেন ২টি উইকেট। সাইমা ঠাকোর ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেট পাননি।
বাংলার তিতাস সাধু এদিন ভারতীয় মহিলা দলের হয়ে প্রথমবার একদিনের আন্তর্জাতিক খেললেন। তিতাস ৪.২ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। কম রানের পুঁজি নিয়েও যেভাবে বোলাররা প্রতিপক্ষের ৫ উইকেট ফেলে দিয়েছেন তার প্রশংসা করেন হরমনপ্রীত।
হারের জন্য স্বাভাবিকভাবেই ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করে ভারত অধিনায়ক বলেন, আমরা কয়েকজন ভালো শুরুর পরও শেষ অবধি থাকতে পারিনি। ভালো পার্টনারশিপও হয়নি। এই বিষয়ে জোর দিয়ে কঠোর অনুশীলন করতে হবে। রবিবার দ্বিতীয় ওডিআই। আজকের ম্য়াচ থেকে পিচ সম্পর্কে ধারণা নিয়েই রণকৌশল সাজাতে চাইছেন হরমনপ্রীত, ইতিবাচক মানসিকতা বজায় রেখেই।












Click it and Unblock the Notifications