Harmanpreet Kaur: কঠোর শাস্তি পেতে পারেন হরমনপ্রীত, এশিয়াডে খেলা নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিতর্কিত আচরণের জেরে কড়া শাস্তি পেতে পারেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারত-বাংলাদেশ তৃতীয় একদিনের ম্যাচের রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির কাছে রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ রেফারি। জানা যাচ্ছে, সেই রিপোর্ট খতিয়ে দেখে হরমনপ্রীতের শাস্তি চূড়ান্ত করতে পারে আইসিসি।
ইতিমধ্যেই হরমনপ্রীতের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী ২৪ মাস তাঁকে আইসিসির নজরদারিতে থাকতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। ভারতীয় মহিলা দলের অধিনায়কের অক্রিকেটীয় আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

ক্রিকবাজের খবর অনুযায়ী, আইসিসি খুব শীঘ্রই হরমনপ্রীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। দুই ম্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক। এই শাস্তি পেলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন না হরমনপ্রীত। ভারত যদি কোয়ার্টার ফাইনাল জেতে, তাহলে সেমিফাইনালেও হরমনপ্রীতকে ছাড়াই খেলতে নামতে হবে ভারতীয় মহিলা দলকে।
সেরা চার দলের মধ্যে থাকায় ভারতের মহিলারা সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ পাচ্ছে। কিন্তু হরমনপ্রীতের আচরণ বিড়ম্বনা বাড়িয়েছে ভারতীয় দলের।

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আউট হওয়ার পর রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের দিকে উত্তেজিত ভাবে কিছু বলতে-বলতে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের 'থাম্বস আপ' দেখান হরমন। যে ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ভারত অধিনায়ক প্রকাশ্যে জানিয়েছিলেন খারাপ আম্পায়ারিংয়ের জন্য হারতে হয়েছে তাদের। পাশাপাশি ভবিষ্যতে নিরপেক্ষ আম্পায়ারিংয়ের দাবি তোলেন তারা। ম্যাচ পরিচালকদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য ভালোভাবে নেয়নি আইসিসি।
হরমনপ্রীতের আচরণের সমালোচনা করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ডায়না এডুলজি। তাঁর মতে, বিসিসিআই যথাসাধ্য সাহায্য করা সত্ত্বেও বর্তমানে হরমনপ্রীতদের দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছে না।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নিজের কলামে ডায়না এডুলজি লিখেছেন, তিনি এমন আচরণ কখনও দেখেননি। হরমন সম্ভবত রান করতে না পারার কারণেই এই ঘটনা ঘটিয়েছেন। বিসিসিআই দলের জন্য সবকিছু করছে। এর পরও দল ভালো করছে না। খেলোয়াড়রা তারকাদের মতো খেলছে এবং তারা ক্রিকেটে মনোযোগী নয়। বিসিসিআইকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।












Click it and Unblock the Notifications