Hardik Pandya: হার্দিক স্থির করে ফেললেন নতুন বছরের বিরাট লক্ষ্য, জানেন কী?
কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল গড়া হয়েছে তারুণ্যকে প্রাধান্য দিয়েই। ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদেরই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ছোট ফরম্যাটের সেরাটা দেওয়ার পর্যাপ্ত সুযোগ করে দিতে চাইছেন নির্বাচকরা। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবিলায় নামতে চলেছে ভারতের নিউ লুক টি ২০ টিম।

ভারতের টি ২০ অধিনায়কত্ব এখনও পাকাপাকিভাবে দেওয়া হয়নি হার্দিককে। তবে তাঁকেই যে রোহিত শর্মার উত্তরসূরী ভাবা হচ্ছে তার একাধিক ইঙ্গিত মিলেছে। একদিনের আন্তর্জাতিক দলেও হার্দিককেই সহ অধিনায়ক করা হয়েছে। হার্দিক আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, এক বছর আগে পরিস্থিতি অনেকটাই আলাদা ছিল। কখন মাঠে নেমে সেরাটা দিতে পারব তা আমিই উপলব্ধি করে সিদ্ধান্ত নিয়েছিলাম। আগের বছরটা আমার কাছে দারুণ ছিল, ম্যাজিক্যাল বলাই যায়। টি ২০ বিশ্বকাপ জিততে পারলে ভালো হতো। কিন্তু এটা জীবনের অঙ্গ। জিততে পারিনি, ঠিকই আছে।
হার্দিকের নতুন বছরের রেজলিউশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, এখনও অনেক কিছু পাওয়া বাকি রয়েছে। সে অর্থে কেরিয়ারে কিছুই অর্জন করতে পারিনি। সামনের দিকে তাকিয়ে আছি। বিশ্বকাপ জেতাই আমার লক্ষ্য। এটাই আমার নতুন বছরের রেজলিউশন। এর চেয়ে বড় কিছু রেজলিউশন আর হতে পারে না। আমরা সকলে মিলে বিশ্বকাপ জয়ের লক্ষ্যপূরণে সচেষ্ট হবো। তার সম্ভাবনা ভালোই রয়েছে। মাঠে নেমে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে।
হার্দিক বলেন, আমি কঠোর পরিশ্রমের ভাষা জানি। এ ছাড়া আর কোনও ভাষা আমার জানা নেই। কঠোর পরিশ্রমের কারণেই এই জায়গায় পৌঁছতে পেরেছি। কঠোর পরিশ্রম আর শরীর সম্পর্কে সচেতন থাকার উপরেই আমি জোর দিয়েছি। খেলার অঙ্গ হলো চোট পাওয়া। এই ধারা বদল সম্ভব নয়। তবে আমি যা কিছু করেছি, নিজের প্রসেসে বিশ্বাস রেখেছি, সেটাই আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ফিট থেকে দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ই ধরা পড়ছে হার্দিকের বক্তব্যে। উল্লেখ্য, চলতি বছর ভারত খুব বেশি টি ২০ খেলবে না। ৫০ ওভারের বিশ্বকাপের কথা ভেবে বেশি ওডিআই খেলবে। হার্দিক আপাতত ফোকাস রাখছেন সাদা বলের ক্রিকেটেই। তাঁর মতো যাঁরা চোট সারিয়ে এসেছেন তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রক্রিয়া চলবে এনসিএ-র তত্ত্বাবধানে।












Click it and Unblock the Notifications