India's T20I Captaincy: হার্দিকের সঙ্গে দৌড়ে সূর্যকুমার! শ্রীলঙ্কা সফরে ভারতের টি২০ অধিনায়ক কে?
India's T20I Captaincy: শ্রীলঙ্কা সফরে গিয়ে ভারত ২৭ জুলাই প্রথম টি২০ আন্তর্জাতিক খেলবে। ভারতের হেড কোচ হিসেবে এই সফরেই নয়া ইনিংস শুরু গৌতম গম্ভীরের।
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ কারা হবেন, তা জানায়নি বিসিসিআই। তবে আজ ভারতীয় দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। শ্রীলঙ্কা সফরেও বিশ্রাম দেওয়া হতে পারে ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহকে। এই পরিস্থিতিতে ভারতের টি২০ অধিনায়ক হওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিলেন হার্দিক পাণ্ডিয়া।
কিন্তু একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, ভারতের টি২০ অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন সূর্যকুমার যাদবও। হার্দিক টি২০ বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন। তিনি জিম্বাবোয়ে সফরে ছিলেন না। ফলে অধিনায়কত্ব করেছেন শুভমান গিল।
২০২২ সালের পর ২০২৩ সালে রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক খেলেননি। বেশিরভাগ ক্ষেত্রেই অধিনায়কত্ব করেছেন হার্দিক পাণ্ডিয়া। তবে তিনি বিশ্বকাপে চোট পাওয়ায় সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি২০ আন্তর্জাতিক খেলে। তার আগে অবধি অবশ্য টি২০ দলে রোহিতের উত্তরসূরী হিসেবে জায়গা পাকাই করে ফেলেছিলেন হার্দিক।
ভারতের টি২০ অধিনায়ক ঠিক করতে গিয়ে নির্বাচকদের মতে মতানৈক্য পরিলক্ষিত হচ্ছে বলে বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। হার্দিকের ফিটনেস বড় ইস্যু। সেই সঙ্গে সূর্যকুমার যাদবের নেতৃত্ব দেওয়ার ধরনে ড্রেসিংরুমে সকলেই খুশি বলে জানতে পেরেছেন নির্বাচকরা।
তবে চলতি বছরে সূর্যকুমারেরও হার্নিয়া ও গোড়ালির অস্ত্রোপচার হয়েছিল। আইপিএলে তিনি কামব্যাক করেন। খেলেছেন টি২০ বিশ্বকাপেও। হার্দিকের পক্ষে যাঁরা সওয়াল করছেন, তাঁদের যুক্তি হলো- যেহেতু হার্দিক সহ অধিনায়ক ছিলেন দীর্ঘদিন, ফলে তাঁকেই অধিনায়ক করা হোক।
ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্রীলঙ্কা সফরের ওডিআই সিরিজে তিনি খেলতে চাইছেন না হলে বিসিসিআইকে জানিয়েছেন হার্দিক। হেড কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের সব ফরম্যাটে খেলার কথা বলেছেন। এমনকী রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ সিনিয়রদের তিনি শ্রীলঙ্কায় ওডিআই সিরিজ খেলার আহ্বান জানিয়েছেন বলেও সূত্রের খবর। বাকিটা স্পষ্ট হবে দল ঘোষণা হলেই।
গম্ভীরের কথায় যদি রোহিত খেলেন, তাহলে ওডিআই সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন। তা না হলে লোকেশ রাহুলকে অধিনায়ক করা হতে পারে। শ্রেয়স আইয়ার একদিনের সিরিজের দলে থাকবেন। অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে একদিনের দলে রবীন্দ্র জাদেজার জায়গা পাওয়ার বিষয়টিকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন বলেও সূত্রের খবর।












Click it and Unblock the Notifications