হার্দিকের ভারত পারবে ঘুরে দাঁড়াতে? লখনউয়েই টি ২০ সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড
কাল লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। কিউয়িরা তিন ম্যাচের সিরিজে এগিয় ১-০ ব্যবধানে। কেমন হতে পারে দুই দল?
হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত কখনও টি ২০ সিরিজ হারেনি। যদিও এবার লখনউয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে পাণ্ডিয়ার ক্যাপ্টেন্সি। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে গতকাল রাঁচিতে ভারতকে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কাল দ্বিতীয় ম্যাচে নামার আগে আজই লখনউ পৌঁছেছে দুই দেশ। লখনউয়ে ভারত একটিও টি ২০ আন্তর্জাতিক হারেনি। সিরিজ জিইয়ে রাখার ক্ষেত্রে এই পরিসংখ্যানটি বাড়তি মোটিভেশন হতেই পারে হার্দিকদের।

সিরিজ হার বাঁচানোর লড়াই ভারতের
ভারত শ্রীলঙ্কাকে চলতি বছর টি ২০ সিরিজে হারিয়েছে। একদিনের সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছে। তবে দেশের মাটিতে সিরিজে এবারই প্রথম চাপের মুখে হার্দিক পাণ্ডিয়ার দল। কাল হারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে কিউয়িরা। ভারতীয় স্পিনাররা গতকাল ভালো বোলিং করলেও ডুবিয়েছেন পেসাররা। এই পরিস্থিতিতে বোলিং আক্রমণে রদবদলের পথে হাঁটতেই পারে ভারত। তবে খুব বেশি যে পরিবর্তন হবে না সেটাও পরিষ্কার হয়েছে গতকাল ওয়াশিংটন সুন্দরের কথায়।

প্রথম একাদশে পরিবর্তন আসছে?
ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব যেভাবে বোলিং করেছেন এবং উইকেট আদায় করেছেন তাতে কালকের ম্যাচেও যুজবেন্দ্র চাহালের প্রথম একাদশে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অর্শদীপ সিং শেষ ওভারে দিয়েছিলেন ২৭ রান, তবে তার আগে ৩ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট সংগ্রহ করেছিলেন। উমরান মালিক দেন ১ ওভারে ১৬। তবু বোলিং আক্রমণে রদবদল হবে না হলেই মনে করা হচ্ছে। টি ২০ বিশ্বকাপকে মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে। ফলে ঘনঘন পরিবর্তনের পথে হেঁটে দলের ছন্দ নষ্ট করতে যেমন টিম ম্যানেজমেন্ট চাইছে না, তেমনই প্রত্যেককে পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথাও বারবার বলা হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফে।
ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, উমরান মালিক, অর্শদীপ সিং

জয়ের ধারা বজায় রাখতে মুখিয়ে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড উইনিং কম্বিনেশ ধরে রাখতে পারে। ফলে বাঁহাতি সিমার বেন লিস্টারকে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে। একদিনের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা কিছুটা ঢাকতে নিউজিল্যান্ড চাইছে টি ২০ সিরিজ জিততে। কালই সিরিজ জয় সম্পন্ন করতে চাইছে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দল।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ইশ সোধি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার

টস জিতলে কী করণীয়?
ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে যে পাঁচটি টি ২০ আন্তর্জাতিক হয়েছে তাতে প্রথমে ব্যাট করা দলই জিতেছে। আগের ম্যাচে ডিউ ফ্যাক্টরকে উপেক্ষা করেও নিউজিল্যান্ড যেভাবে পরে বোলিং করে ম্যাচ জিতেছে তাতে কাল টস জেতা দল প্রথমে ব্যাটিং নিতেই পারেষ ভারত ২০১৮ সালে এখানে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে এবং গত বছর শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছিল। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে ভারত সিরিজে সমতা ফেরাতে পারে লখনউয়েই। কাল ম্যাচে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications