এনসিএ-এর ক্যাম্পে ডাক পেলেন না হার্দিক, জুনিয়র পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে ধোঁয়াশায় নির্বাচকরা
এনসিএ-এর ক্যাম্পে ডাক পেলেন না হার্দিক, জুনিয়র পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে ধোঁয়াশায় নির্বাচকরা
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে বিসিসিআই-এর প্রি আইপিএল ফিটনেস ক্যাম্পে ডাক পেলেন না গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নির্বাচকমণ্ডলীর সুপারিশে বিসিসিআই ২৫ জন ক্রিকেটারকে এনসিএ-তে দশ দিনের ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ নিয়েছে, কিন্তু এই তালিকায় নাম নেই পাণ্ডিয়ার।

বিশেষ কোনও কারণে হার্দিককে বাদ দেওয়া হয়েছে এমনটা নয়। চোট কাটিয়ে ওঠার পর রিহ্যাবে রয়েছেন হার্দিক। বিসিসিআই-এখনও জানে না হার্দিকের ফিটনেস কী রকম রয়েছে। ইনসাইটস্পোর্টসকে বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, "হার্দিক এই ক্যাম্পে যোগ দেবে না। ওকে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বলা হয়নি। আমাদের জন্য এখনও ও বিশ্রামে রয়েছে এবং এখনও নিজের ফিটনেস সম্পর্কে কিছু জানায়নি। ওর ফিটনেসের সম্পর্কে আমরা যখন একটা স্পষ্ট ধারণা পাব তখন অবশ্যই ও জাতীয় ক্রিকেট অ্যাাডেমিতে আসবে।"
ভিভিএস লক্ষ্ণণের তত্ত্বাধানে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বিসিসিআই-এর নির্দেশ পৌঁছে গিয়েছে ঈশান কিষান, ভেঙ্কটেশ আইয়ার এবং ভুবনেশ্বর কুমার সহ ২৫ জন ক্রিকেটারের কাছে। এই ক্যাম্পটি মূলত আয়োজিত করা হয়েছে তাঁদের জন্য যাঁদেরকে রেখে আগামীদিনের পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা। ৫ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পের শে। দিন ১৫ মার্চ। তার পর যে যার ফ্রাঞ্চাইজির ক্যাম্পে যোগ দেবেন। চোটের কারণে এই ক্যাম্পের বাইরে রয়েছেন দীপক চাহর। কিন্তু হঠাৎ আইপিএল-এর আগে এই ক্যাম্প আয়োজন করার হঠাৎ দরকার কেন পড়ল? এই প্রশ্নের জবাবে সর্ব ভারতীয় সংবাদমাধ্যমটিকে বিসিসিআই-এর ওই আধিকারিক বলেছেন, "আমরা চাই না চোট নিয়ে কোনও ক্রিকেটার আইপিএল-এ খেলুক কারণ এর পরই (ঘরের মাঠে) আমাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আমাদের টি-২০ বিশ্বকাপের পরিকল্পনার ক্ষেত্রেও এটা জরুরি।"
গত মাসে নির্বাচক প্রধান চেতন শর্মারও জানিয়েছিলেন, নিজের ফিটনেসের বিষয়ে হার্দিক পাণ্ডিয়া তাঁদের কিছু জানায়নি। বরোদার হয়ে রঞ্জি ট্রফি খেলার ক্ষেত্রেও অনীহা দেখিয়েছেন হার্দিক। সম্প্রতি বিসিসিআই-এর প্রকাশিত সেন্ট্রাল কন্ট্র্যাক্টে গ্রেড 'বি' থেকে গ্রেড 'সি'-তে নেমে গিয়েছেন হার্দিক। গত মাসে হার্দিক প্রসঙ্গে চেতন শর্মা বলেছিলেন, "ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল হার্দিক। আমরা আবার ওর কথা ভাববো যখন ও একশো শতাংশ ফিট হয়ে যাবে, বোলিং করতে পারবে এবং ম্যাচ ফিট করে তুলতে পারবে নিজেকে।"
২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ। এই বারের আইপিএল-এ নয়া যে দুই দল অংশ নিচ্ছে তার মধ্যে একটি দল হল গুজরাত টাইটানস। আশিস নেহরার কোচিং-এ হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেলবে গুজরাত টাইটানস।












Click it and Unblock the Notifications