'১৯৮৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিল সেই একই ভূমিকা পালন করতে পারে হার্দিক'
'১৯৮৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিল সেই একই ভূমিকা পালন করতে পারে হার্দিক'
আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ভারতের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন হার্দিক পান্ডিয়া, মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। লিটল মাস্টার মনে করেন, অস্ট্রেলিয়ায় আয়োজিত ১৯৮৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিল সেই একই ভূমিকা এ বার পালন করতে পারেন হার্দিক।

শাস্ত্রীর ভূমিকা পালন করতে পারেন হার্দিক:
বিশ্বকাপের দল নির্বাচন হওয়ার পর সুনীল গাভাসকর জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে ভারতের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন হার্দিক। ব্যাটিং এবং বোলিং-এর দক্ষতার পাশাপাশি দক্ষ ফিল্ডার হার্দিক। সানির কথায়, "আমি মনে করি ১৯৮৫ সালে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিল ও (হার্দিক) এ বার সেই ভূমিকা পালন করতে পারে। রবি ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছিল পুরো টুর্নামেন্টে। বেশ কিছু ভাল ক্যাচও ধরেছিল। হার্দিক পান্ডিয়া এই একই কাজ করার ক্ষমতা রাখে।"

১৯৮৫ ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রবি শাস্ত্রীর পারফরম্যান্স:
ওই প্রতিযোগীতায় পাঁচ ম্যাচে তিনটি অর্ধ-শতরান সহ ১৮২ রান করেছিলেন রবি শাস্ত্রী। ৩.৩২ ইকোনমি রেটে তুলে নিয়েছিলেন ৮ উইকেট। ফাইনালে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত। ভয়ডরহীন অধিনায়কত্বের জন্য প্রশংসীত হয়েছিলেন গাভাসকর কারণ তিনি ব্যাপক ভাবে ব্যবহার করেছিলেন লেগ স্পিনার লক্ষ্ণণ শিবরামাকৃষ্ণকে।

গাভাসকরের মন্তব্য:
ইন্ডিয়া টুডে'কে সানি বলেছেন, "ভুলে যাবেন না মিড অফে ফিল্ডিং করার সময়ে বেশ কিছু দুরন্ত রান আউটে নিজের অবদান রেখেছেন হার্দিক। বোলারের দিকে সরাসরি থ্রো, ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও। শুধু হার্দিকের ব্যাটিং বা বোলিং নয়, তাঁর ফিল্ডিংও ভারতের দিকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমি অবাক হবো না যদি ও ১৯৮৫-এর রবি শাস্ত্রী হয়ে ওঠে।"

হার্দিকের সাম্প্রতিক পারফরম্যান্স:
হার্দিক পান্ডিয়া চোট কাটিয়ে ওঠার পর নিজেকে চেনা ছন্দে ফিরে পেয়েছে। সম্প্রতি একক দক্ষতায় একাধিক ম্যাচে জয়ও এনে দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচই যার আদর্শ উদাহরন। তিন উইকেট নেওয়ৈর পাশাপাশি গুরুত্বপূর্ণ ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। চোট থেকে ফেরার পর লাগাতার পারফর্ম করে চলেছেন হার্দিক। ১৪০ স্ট্রাইক রেটে ২০২২ সালে ১৫ ইনিংসে ৩৩১ রান করেছেন হার্দিক, তিনি সংগ্রহ করেছেন ১২টি উইকেট।












Click it and Unblock the Notifications