নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক, নাকি দলে আসবেন শার্দুল? চমক হতে পারেন বোলার বিরাট
কাল দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কি পরিবর্তন আসছে? সেই প্রশ্নকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে নানা সম্ভাবনা। তবে ম্যাচের আগের দিন প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন বিরাট কোহলি। একইসঙ্গে পাকিস্তান ম্যাচে বোলিং ব্যর্থতার জন্য ভারতকে হারতে হলেও বোলারদের পাশে থাকারই বার্তা দিয়েছেন বিরাট কোহলি।

পাকিস্তান ম্যাচে শাহিন শাহ আফ্রিদির বলে কাঁধে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ১১ রান করার পর ফিল্ডিং করতে নামেননি। স্ক্যান করানোর পর দেখা যায় চোট গুরুতর নয়। বুধবার নেটে বোলিংও করেছেন হার্দিক। গতকাল দুবাইয়ের বদলে আবু ধাবিতে প্র্যাকটিসের বন্দোবস্ত হওয়ায় ভারত অনুশীলন না করে বিচ ভলিবল খেলেছিল। সেখানেও খেলতে দেখা যায় ভারতের অলরাউন্ডারকে। বিরাট কোহলি আজ জানিয়েছেন, হার্দিক পাণ্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচের জন্য ফিট। তবে বোলিং করার জন্য তাঁর আরও কিছুটা সময় প্রয়োজন। তবে হার্দিক প্রথম একাদশে থাকবেন কিনা সে ব্যাপারে কিছু বলেননি বিরাট। সুনীল গাভাসকরের মতো অনেকেই যদিও বলেছেন, হার্দিক বোলিং করতে না পারলে ভারতের প্রথম একাদশে রাখা উচিত ঈশান কিষাণকে।

দীর্ঘদিন ধরে ছন্দে নেই ভুবনেশ্বর কুমার। তাঁর জায়গায় শার্দুল ঠাকুরকে খেলানোর দাবি উঠছে। বিরাট বলেন, শার্দুল অবশ্যই ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছেন। তিনি দলের হয়ে কার্যকরী ভূমিকাও নিতে পারবেন। তবে ঠিক কী ভূমিকা তিনি পালন করবেন বা শার্দুল দলে থাকবেন কিনা সেটা এখনই বলছি না। অফ ফর্মে থাকা ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়িয়ে বিরাট বলেছেন, পাকিস্তান ম্যাচে আমরা একটাও উইকেট তুলতে পারিনি। এ জন্য একজনকে দায়ী করা ঠিক নয়। যে বোলারদের নিয়ে কথা বলা হচ্ছে তাঁরাই এর আগে দেশকে জিতিয়েছেন। রোজ রোজ আমরা নামব আর বিপক্ষের উইকেট তুলতে পারব না সেটাও হতে পারে না। পাকিস্তান ম্যাচে আমাদের কী কী ভুল হয়েছিল তা আমরা চিহ্নিত করেছি। কোনও অজুহাতও দিচ্ছি না। ফলে বিরাটের কথায় যে ইঙ্গিত মিলেছে তা হল, পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারলেও প্যানিক বোতাম টিপে দলে বড়সড় রদবদলের পথে হাঁটবে না টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ভারতের ব্যাটিংকে সমীহ করেও বলেছেন, প্রথম দিকে উইকেট তুলে নেওয়াই লক্ষ্য। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি যেভাবে বোলিং করে ভারতীয় ইনিংসে আঘাত হেনেছিলেন তারই পুনরাবৃত্তি ঘটাতে চাইছে নিউজিল্যান্ড। যদিও বোল্টের এই বক্তব্যকে তেমন আমল দেননি বিরাট। তিনি বলেন, আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছি। বিশ্বকাপে অনেক ভালো বোলারের বিরুদ্ধে খেলার জন্য আমরা মানসিকভাবে তৈরিও আছি। বোল্ট শাহিনের মতো বোলিং করার জন্য যেমন নিজেকে অনুপ্রাণিত ভাবছেন, আমরা বোল্টদের মোকাবিলার জন্য মোটিভেটেড রয়েছি। চাপের মুখে ব্যাটিংটাই মূল বিষয়।
Fast & Accurate!#TeamIndia #T20WorldCup pic.twitter.com/g6pVfKDsJ7
— BCCI (@BCCI) October 29, 2021
বিরাট মনে করছেন, টস কালকের ম্যাচে গুরুত্বপূর্ণ হতে চলেছে। টসে যাই হোক দলগতভাবে পরিস্থিতির মোকাবিলাই করতে চাইছেন ভারত অধিনায়ক। লম্বা ছুটির পর ভুল শুধরে মাঠে নেমে ভালো খেলাই নিজেদের লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন বিরাট। গুরুত্ব দিচ্ছেন প্রতিটি ম্যাচকেই। বিরাটের বিশ্বাস, পরিকল্পনার যথাযথ প্রয়োগ ঘটাতে পারলে যে কোনও দলকে হারানো সম্ভব। বিরাট নিজেও বোলিং করতে পারেন। তিনি বলেছেন, হার্দিক যখন বোলিং করতে পারবেন তখন ষষ্ঠ বোলার হিসেবে দুই ওভার করতেই পারেন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা যদি প্রথমে বোলিং করতাম তাহলে আমিও বল করতাম। কিন্তু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাটের ভারত যখন নিউজিল্যান্ডকে হারিয়েছিল তখন কিউয়ি অধিনায়ক-সহ দুই ব্যাটারকে আউট করেছিলেন বিরাট। কালকের ম্যাচে তাই বোলার বিরাটকেও দেখা যেতে পারে।
💬 💬 We exactly know how to approach the matches ahead.#TeamIndia captain @imVkohli on how the side will go about their upcoming #T20WorldCup games. #INDvNZ pic.twitter.com/lChCoNorCQ
— BCCI (@BCCI) October 30, 2021












Click it and Unblock the Notifications