সিরাজের জোড়া ধাক্কার পর হার্দিকের অবিশ্বাস্য স্পেল! ম্যানচেস্টারে ইংল্যান্ডের উপর চাপ বাড়াল ভারত
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিকে এখনও অবধি ইংল্যান্ডের চেয়ে ভারতই সুবিধাজনক জায়গায়। চলতি সিরিজের তিনটি ম্যাচেই টস জিতেছেন রোহিত শর্মা। রান তাড়া করারই সিদ্ধান্ত নিয়েছেন। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণে নিজেদের উজাড় করে দিচ্ছেন ভারতীয় পেসাররা। যার জেরে চাপে ইংল্যান্ড।

শুরুতে চাপে ইংল্যান্ড
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস হেরে বলেছিলেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। ফলে ভারত ফিল্ডিং নেওয়ায় ইংল্যান্ডের পরিকল্পনায় কোনও সমস্যা ছিল না। দেশের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরাহকে আজকের ম্যাচে পায়নি ভারত। ব্যাক স্প্যাজমের কারণে তিনি খেলতে না পারায় প্রথম একাদশে মহম্মদ সিরাজকে নেওয়া হয়। গত ফেব্রুয়ারির পর আজই প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নেমে সিরাজ শুরুটা করেন দারুণভাবেই।

সিরাজের জোড়া ধাক্কা
ম্যাচের দ্বিতীয় তথা নিজের প্রথম ওভারটি করতে এসেই তুলে নেন জনি বেয়ারস্টো ও জো রুটের উইকেট। দুজনেই তিন বলে শূন্য রানে আউট হন। ১২ রানের মাথাতেই ইংল্যান্ড হারায় এই দুটি মূল্যবান উইকেট। ১.৩ ওভারে জনি বেয়ারস্টোকে প্রথমে সাজঘরে ফেরান সিরাজ। এই ওভারের শেষ বলেই আউট হন জো রুট। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন জেসন রয় ও বেন স্টোকস।

হার্দিকের অবিশ্বাস্য স্পেল
সিরাজের জোড়া ধাক্কার পর ইংল্যান্ডকে আরও ব্যাকফুটে ঠেলে দেন হার্দিক পাণ্ডিয়া। রয় ও স্টোকসের জুটি তিনিই ভাঙেন। দশম ওভারে প্রথম বল করতে হার্দিক পাণ্ডিয়াকে ডাকেন অধিনায়ক রোহিত। এই ওভারটি উইকেট মেডেন। দশম ওভারের পঞ্চম বলে হার্দিক পাণ্ডিয়া জেসন রয়কে সাজঘরে ফেরালে ইংল্যান্ডের তৃতীয় উইকেটটি পড়ে ৬৬ রানে। সাতটি চারের সাহায্যে ৩১ বলে ৪১ রান করে পাণ্ডিয়ার বলে কট বিহাইন্ড হন ইংল্যান্ড ওপেনার। ইংল্যান্ড ইনিংসের দ্বাদশ ওভারে হার্দিক মাত্র ২ রান দেন। এরপর ১৪তম ওভারটি করতে এসে দ্বিতীয় বলেই তিনি তুলে নেন বেন স্টোকসের উইকেট। নিজের বলেই স্টোকসের ক্যাচ তালুবন্দি করেন পাণ্ডিয়া। এই ওভারটিও উইকেট মেডেন। স্টোকস চারটি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৭ রান করেন। হার্দিক পাণ্ডিয়ার প্রথম স্পেলে চারটি ওভারের মধ্যে তিনটিই মেডেন, ২ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে
৭৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা চালাতে থাকেন মঈন আলি ও অধিনায়ক জস বাটলার। এদিন একদিনের আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করে ফেলেন মঈন। ২১.৩ ওভারে ১০০ রান পূর্ণ হয় ইংল্যান্ডের। পঞ্চম উইকেট জুটিতে মঈন ও বাটলার ৫০ রান যোগ করেন ৫৯ বলে। তাঁদের জুটিতেই লড়াইয়ের মতো রান তোলার প্রত্যাশা করছে ইংল্যান্ড শিবির। ২৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১৩১। ২৬তম ওভারে ১৬ রান দেন যুজবেন্দ্র চাহাল। ৫ ওভারে তিনি ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। মহম্মদ শামি ৬ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট পাননি। ইংল্যান্ডের পঞ্চম উইকেটটি পড়ে ১৪৯ রানের মাথায়। ২৮তম ওভারে নিজের প্রথম ওভারটি করতে এসে দ্বিতীয় বলে মঈন আলিকে ফেরান রবীন্দ্র জাদেজা। দুটি করে চার ও ছয় মেরে ৪৪ বলে ৩৪ করে মঈন কট বিহাইন্ড হন। ঋষভ পন্থ ভালো ক্যাচ ধরেন, এই উইকেটি পড়ার পর বিরাট কোহলিকে নাচতেও দেখা যায়। ২৮ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৫৬।












Click it and Unblock the Notifications