ভারতের টি ২০ দলের কোচ হিসেবে দ্রাবিড়কে পছন্দ নয় হরভজনের, প্রস্তাব করলেন দুই তারকার নাম
ভারতের টি ২০ দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে পছন্দ নয় হরভজন সিংয়ের। স্প্লিট কোচিংয়ের পক্ষে সওয়াল করে তিনি প্রস্তাব করলেন দুই তারকার নাম।
টি ২০ বিশ্বকাপ আগামী বছর। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারকে রেখেই টি ২০ বিশ্বকাপ অভিযানে দল পাঠাতে চাইছে বিসিসিআই। নির্বাচকরাও সেভাবেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তারপর থেকে আর টি ২০ বিশ্বকাপ আসেনি ভারতে।

ভারতীয় নির্বাচকরা গত টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর দলে পরিবর্তন এনেছেন। একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে আর টি ২০ আন্তর্জাতিক দলের জন্য ভাবা হচ্ছে না। যদিও স্প্লিট কোচিংয়ের পথে হাঁটেননি। একই সময়ে দুটি সিরিজ পড়ায় রাহুল দ্রাবিড়ের জায়গায় হেড কোচ করা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। সাপোর্ট স্টাফেও এনসিএ-র কোচদেরই পাঠানো হয়েছে। চলতি বছরে ভারতের টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সূচি এখনও চূড়ান্ত নয়। দেশের মাটিতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টি ২০ সিরিজ জিতেছে। এবার ভারত ৫০ ওভারের ম্যাচই বেশি খেলবে বিশ্বকাপ থাকার কারণে।
হরভজন সিং মনে করেন, ভারতের টি ২০ আন্তর্জাতিক দলের জন্য আলাদা কোচ রাখা প্রয়োজন। টি ২০ খেলার অভিজ্ঞতা রয়েছে, খুব বেশিদিন অবসর নেননি, এমন কাউকে বেছে নেওয়ার পক্ষেই সওয়াল করেছেন। এ জন্য হরভজন সিং যোগ্য মনে করছেন বীরেন্দ্র শেহওয়াগ ও আশিস নেহরাকে। নেহরার কোচিংয়েই গত বছর আবির্ভাবেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। হরভজন এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন, দুজন অধিনায়ক থাকলে দুজন কোচ রাখা যেতেই পারে। কেন নয়? এমন কাউকে দরকার যার পরিকল্পনায় আলাদা কিছু ভাবনাচিন্তার ছাপ রয়েছে। ইংল্যান্ড যেমন টেস্টে রেখেছে ব্রেন্ডন ম্যাকালামকে। তেমনভাবেই বীরেন্দ্র শেহওয়াগের কথা ভাবা যেতে পারে। হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে গুজরাত টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তার কোচ নেহরা। যিনি টি ২০ ক্রিকেটের ধারণা ও খেলার চাহিদা সম্পর্কে ওয়াকিবহাল এমন কাউকেই কোচ করা প্রয়োজন।
ভাজ্জি আরও বলেন, টি ২০ দলের কোচ কাউকে করা হলে তাঁর ফোকাস টি ২০-তেই থাকবে। আশিস নেহরাকে যদি টি ২০ দলের কোচ করা হয়, তাহলে তিনি এটা ভেবেই এগোবেন যাতে ভারতকে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা যায়। রাহুল দ্রাবিড় সেক্ষেত্রে টেস্টে ও একদিনের আন্তর্জাতিকে ভারত যাতে ১ নম্বর দল হিসেবে থাকতে পারে সেজন্য যা প্রয়োজনীয় তা করবেন। এখন দেখার, টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে হার্দিক-নেহরা জুটিতেই আস্থা রাখেন কিনা জাতীয় নির্বাচকরা।












Click it and Unblock the Notifications