নাগপুর টেস্টে ভারতকে জেতাবেন কারা? ভবিষ্যদ্বাণী ভাজ্জির! হরভজনকে টপকানোর মুখে অশ্বিন
নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ভাঙবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। মনে করেন হরভজন সিং। ভাজ্জির নজির টপকানোর মুখে অশ্বিন।
হরভজন সিংয়ের কথারই বাস্তবায়ন ঘটাতে চলেছেন ভারতীয় স্পিনাররা। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৩ রানের লিড নিয়েছে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির পর ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাতটি হেনেছেন রবিচন্দ্রন অশ্বিনই। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই অশ্বিন স্পর্শ করতে বা ভেঙে দিতে পারেন হরভজন সিংয়ের নজির।

হরভজনের ভবিষ্যদ্বাণী
হরভজন সিং মনে করছেন, ভারত তৃতীয় দিনেই নাগপুর টেস্ট জিতে নেবে। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫টি এবং রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নিয়েছিলেন। গতকাল খেলার শেষে ভাজ্জির ভবিষ্যদ্বাণী, অশ্বিনই সবচেয়ে বেশি উইকেট তুলে নেবেন। জাদেজাও কয়েকটি পাবেন। এই দুই স্পিনারের বোলিংই ভারতের জয় সুনিশ্চিত করবে। অস্ট্রেলিয়া দলে বেশিরভাগ বাঁহাতি ব্যাটার। ফলে নতুন বল আগে অশ্বিনের হাতেই উঠবে। স্পিনাররাই ভারতকে এই টেস্টটি জেতাবে।

জাদেজাকে নিয়ে উচ্ছ্বসিত
হরভজন রবীন্দ্র জাদেজারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, জাদেজা বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন। কিন্তু ব্যাট হাতে যে ইনিংসটি খেললেন তা অনবদ্য। জাদেজা সাধারণত নেমেই আগ্রাসী ব্যাট করতে পছন্দ করেন। কিন্তু নাগপুরে জাদেজাকে অন্যরকমভাবে ব্যাট করতে দেখা গিয়েছে। তাঁর রক্ষণ ছিল জমাট। ভালো শটও খেলেছেন। টেস্ট ক্রিকেটের আদর্শ ব্যাটিংই করেছেন জাদেজা। তাঁর ইনিংস ভারতের ক্ষেত্রে বিগ প্লাস। জাদেজা আর অক্ষরের পার্টনারশিপই অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বল যেভাবে ঘুরতে শুরু করেছে তাতে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচে ফেরার সম্ভাবনা নেই।

রোহিতের ইনিংসের গুরুত্ব
রোহিত শর্মার ইনিংসের অপরিসীম গুরুত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন ভাজ্জি। তাঁর কথায়, কভার অঞ্চল দিয়ে যে বাউন্ডারিটি মেরে রোহিত শতরান করেছেন তা অসাধারণ। এমন ফ্রি মাইন্ডসেট নিয়ে খেলতে খুব কম প্লেয়ারকেই দেখা যায়। ৯০ থেকে ১০০-র মধ্যে অনেকের রান তোলার গতি কমে আসে। কিন্তু রোহিত একই ছন্দ ধরে রেখে সাবলীল ও অসাধারণ ইনিংস খেলেছেন। খুবই হিসেব কষে খেলা। স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করেছেন। স্যুইপ ভালো মেরেছেন। শট খেলায় তাঁর মনঃসংযোগও ছিল যথেষ্ট। বল কতটা ঘুরছে সেদিকে সজাগ দৃষ্টি রেখেই স্পিনারদের সামলেছেন। ভারতের জয়ের সঙ্গেই রোহিতের ইনিংসের কতটা গুরুত্ব তা বোঝা যাবে বলেও মন্তব্য হরভজনের।
|
হরভজনকে টপকানোর মুখে অশ্বিন
বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে। তিনি ২০ টেস্টে ৩৮ ইনিংসে ১১১টি উইকেট পেয়েছেন। এরপরই রয়েছেন ভাজ্জি। তিনি ১৮টি টেস্টে ৩৫ ইনিংসে ৯৫টি উইকেটের মালিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে। নাথান লিয়ঁ প্রথম ইনিংসে একটি উইকেট পাওয়ায় তাঁর উইকেটসংখ্যাও ৯৫ (২৩টি টেস্টে ৪২ ইনিংসে)। এদিন মহম্মদ শামির সঙ্গে নতুন বল হাতে শুরু করেন অশ্বিনই। নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই তিনি ফিরিয়ে দেন উসমান খোয়াজাকে। পিটের রাফ অংশে বল পড়েছিল। খোয়াজা ড্রাইভ মারতে গিয়ে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে বসেন। তিনি ৯ বলে ৫ রান করে আউট হলে অজিদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৭। এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের ৯৩তম উইকেট।












Click it and Unblock the Notifications