চিতার আক্রমণের মুখে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার, অল্পের জন্য রক্ষা, জরুরি অস্ত্রোপচারের পর স্থিতিশীল
Guy Whittal: চিতার আক্রমণের মুখে পড়ে অল্পের জন্য় প্রাণে বাঁচলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার গাই হুইটাল। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে। যা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন হুইটালের স্ত্রী।
১১ বছর আগে হুইটালের খাটের তলায় মিলেছিল এক বিশালাকার কুমীর। এবার চিতার হানার মুখে পড়লেন গাই।

জিম্বাবোয়ের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন গাই। চারটি টেস্ট শতরান রয়েছে। অর্ধশতরানের সংখ্যা ১০, ওডিআইয়ে ১১টি। টেস্ট ২২০৭ ও ওডিআইয়ে ২৭০৫ রান করেছেন। টেস্টে ৫১টি ও একদিনের আন্তর্জাতিকে ৮৮টি উইকেট রয়েছে।
হুইটাল ২০০২ সালে শেষ টেস্ট ও ২০০৩ সালে শেষ ওডিআই খেলেছেন। বছর ৫১-র হুইটালের একটি সাফারি বিজনেস রয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, জিম্বাবোয়ের হুমানিতে যেখানে হুইটালের ব্যবসা সংক্রান্ত সংরক্ষিত স্থান রয়েছে সেখানে যাওয়ার সময়ই এই হামলার মুখে পড়েন হুইটাল।
হুইটালের স্ত্রী হান্না স্টুকস ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন হুইটাল। অপর ছবিটিতে দেখা যাচ্ছে চিতার হামলার পর তাঁর ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানো হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে হুইটালের শার্ট।
হান্না স্টুকস হুইটাল জানিয়েছেন, গত সোমবার চিতার হামলার মুখে পড়েছিলেন হুইটাল। অনেক রক্তক্ষরণ হয়। হিপো ক্লিনিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর প্রাথমিক চিকিৎসা চলে ভালোভাবেই। এরপর বাফোলো রেঞ্জ থেকে এয়ারলিফট করে তাঁকে হারারের মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই হয়েছে জরুরি অস্ত্রোপচার।
ঘটনার পর যেভাবে তাঁদের পাশে সকলে এসে দাঁড়িয়েছেন সেজন্য তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গাই ও হান্না। ২০১৩ সালে গাইয়ের খাটের তলা থেকে উদ্ধার হয়েছিল ৮ ফুট লম্বা ১৫০ কেজি ওজনের কুমীর। সারা রাত কুমীরটি হুইটালের খাটের তলায় ছিল। পরদিন সকালে কিচেনে ব্রেকফাস্ট খাচ্ছিলেন গাই। এক পরিচারিকা প্রথম কুমীরটি দেখে চেঁচিয়ে ওঠেন। পরে গাই সেখানে ছুটে যান। কপাল ভালো, সেবারই কোনও অঘটন ঘটেনি।












Click it and Unblock the Notifications