India's Head Coach: টি ২০ আন্তর্জাতিকে ভারতের হেড কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন নেহরা, দ্রাবিড়রা কতদিন দায়িত্বে?
India's Head Coach: বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ থাকবেন কিনা তা নিয়ে যে জল্পনা চলছিল তাতে ইতি পড়ল। দ্রাবিড়-সহ সমস্ত সাপোর্ট স্টাফেরই মেয়াদ বাড়াল বিসিসিআই।
যদিও বিসিসিআইয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ নেই, রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংয়ের মেয়াদ কতদিনের জন্য বৃদ্ধি পেয়েছে। দ্রাবিড় হেড কোচের পদ থেকে সরলে ভিভিএস লক্ষ্মণ তাঁর স্থলাভিষিক্ত হবেন বলেও জানা গিয়েছিল।

তবে বিসিসিআই কর্তারা স্প্লিট কোচিংয়ের ভাবনাও শুরু করেছিলেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেল গুজরাত টাইটান্স। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে ইতিমধ্যেই হার্দিক পাণ্ডিয়া ফিরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স। ফলে অধিনায়ক হয়েছেন শুভমান গিল।
গুজরাত টাইটান্সের আইপিএলে আবির্ভাব হয় ২০২২ সালে। সেই বছরই চ্যাম্পিয়ন। চলতি বছরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার-আপ হয়েছে তারা। বিসিসিআইয়ের প্রস্তাবে গুজরাত টাইটান্সের হেড কোচ আশিস নেহরা সাড়া দিলে আসন্ন আইপিএলের আগে হেড কোচ খুঁজতে হতো টাইটান্সকে।
আইপিএলের পর আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে টি ২০ বিশ্বকাপের আসর। তার আগে ভারতীয় টি ২০ দলের হেড কোচ হওয়া প্রস্তাব বিসিসিআই নেহরাকে দিয়েছিল বলে জানা গিয়েছে। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পরই নেহরা ভারতের টি ২০ দলের হেড কোচ হওয়ার প্রস্তাব পান। যা তিনি খারিজ করে দেন।
ওই সংবাদমাধ্যমের আরও দাবি, দ্রাবিড়কে অন্তত টি ২০ বিশ্বকাপ অবধি হেড কোচের পদে রাখার পক্ষে মত দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান। ভারতীয় দলের সঙ্গে থাকলে পরিবারকে বেশি সময় দিতে পারেন না, এ কারণেই দ্রাবিড় দোটানায় ছিলেন। আইপিএল দল বা এনসিএ-র দায়িত্ব নিতে তিনি রাজি ছিলেন।
যদিও আজ দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফদের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে বিসিসিআই। মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপ অবধিই তাঁদের মেয়াদ বাড়ানো হয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর দ্রাবিড় বলেছিলেন, হেড কোচের পদে থাকার বিষয়টি নিয়ে ভাবার সময় পাননি। অবশেষে ভেবেচিন্তেই তিনি সম্মতি দিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় দল নিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকা সফরে। ১০ ডিসেম্বর প্রোটিয়াদের দেশে ভারতের প্রথম ম্যাচ। দেশে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজ রয়েছে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত।












Click it and Unblock the Notifications