আইপিএলের টিকিটে সর্বোচ্চ জিএসটি ধার্য, কতটা বাড়তে চলেছে দাম?
জিএসটি সংস্কারের ধাক্কা এসে লাগল আইপিএলে। এখন থেকে আইপিএল ম্যাচ দেখতে স্টেডিয়ামে যেতে হলে ক্রিকেটপ্রেমীদের আরও বেশি টাকা খরচ করতে হবে। সরকার আইপিএল টিকিটের উপর পণ্য ও পরিষেবা কর (GST) ২৮% থেকে বাড়িয়ে ৪০% করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আইপিএলের টিকিট সর্বোচ্চ করের আওতায় চলে এসেছে। এর ফলে আইপিএল টিকিট এখন বিলাসবহুল পণ্য। ক্যাসিনো এবং বাজি ধরার পরিষেবার সমতুল্য বলে বিবেচিত হতে চলেছে।
এই কর বৃদ্ধির কারণে আইপিএল ম্যাচের টিকিটের দাম আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে বাড়বে। দর্শকদের জন্য এটি সরাসরি আর্থিক ধাক্কা তো বটেই। নিয়মিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচের টিকিটে ১৮% জিএসটি বহাল থাকলেও, শুধুমাত্র আইপিএল টিকিটকে সর্বোচ্চ করের আওতায় আনা হয়েছে।

প্রতি বছর যারা প্রিয় দল ও খেলোয়াড়দের সরাসরি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাদের এখন স্টেডিয়াম পরিষেবা চার্জ এবং অনলাইন বুকিং ফির পাশাপাশি এই বর্ধিত ব্যয়ও যোগ করতে হবে। জিএসটি বৃদ্ধির ফলে টিকিটের চূড়ান্ত দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। যেমন, একটি ৫০০ টাকার টিকিট, যার দাম আগে ছিল ৬৪০ টাকা, এখন ৭০০ টাকা হবে।
জানা গিয়েছে, একই ফর্মুলায় ১ হাজার টাকার টিকিট, যা আগে ১২৮০ টাকা ছিল, এখন ১৪০০ টাকায় বিক্রি হবে। ২ হাজার টাকার টিকিট ২৫৬০ টাকা থেকে বেড়ে ২৮০০ টাকা হচ্ছে। এই তীব্র মূল্যবৃদ্ধি স্টেডিয়ামের দর্শক সংখ্যায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
আইপিএল টিকিটকে বিলাসবহুল পণ্য ও পরিষেবার করের আওতায় এনে সরকার প্রকারান্তরে আইপিএল ম্যাচ দেখাকে একটি বিলাসবহুলতার শ্রেণিতে ফেলেছে। যদিও এই সিদ্ধান্ত লিগের বিশাল জনপ্রিয়তা, বাণিজ্যিক সাফল্য এবং প্রিমিয়াম ব্র্যান্ডিংয়ের কারণে হতে পারে। তবে সাধারণ ক্রিকেট ভক্তরা এই সিদ্ধান্তে চাপে পড়লেন নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications