IND vs ENG: ফ্লাডলাইট বিভ্রাট নিয়ে চরম ক্ষুব্ধ ওড়িশা প্রশাসন, রাজ্য ক্রিকেট সংস্থার কাছ থেকে জবাব তলব
খেলাধুলার ক্ষেত্রে বিগত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে ওড়িশা। ক্রীড়া পরিকাঠামো উন্নতি করে তাক লাগিয়ে দিয়েছে ওড়িশা। কিন্তু সেই রাজ্যেই চরম লজ্জার মুখোমুখি হল ভারতীয় ক্রিকেট। রবিবার ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ফ্লাডলাইট বিভ্রাট ঘটে। ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ ওড়িশা সরকার।
বরবাটি স্টেডিয়ামে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পাশাপাশি সরকারের অন্য মন্ত্রীরাও মাঠে উপস্থিত ছিলেন। কিন্তু সব রকম বন্দোবস্ত থাকার পরও ফ্লাডলাইট বিভ্রাট ঘটায় চরম বিরক্ত ওড়িশা প্রশাসন। গোটা ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে ওড়িশা ক্রিকেট সংস্থার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।

যদিও ওড়িশা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় বেহরা দাবি করেছেন তাঁদের তরফ থেকে আয়োজনের কোনও ত্রুটি ছিল না। সঞ্জয় বেহরার কথায়, প্রতিটা ফ্লাডলাইটের জন্য দুটো করে জেনারেটর বরাদ্দ ছিল। কিন্তু ম্যাচ চলাকালীন একটি জেনারেটর খারাপ হয়ে যাওয়ায় ফ্লাডলাইট নিভে যায়। এরপর বিকল্প জেনারেটর আনতে গিয়ে কিছুক্ষণ সময় লাগে। যে পথ দিয়ে বিকল্প জেনারেটরটি আনা হচ্ছিল সেখানে ক্রিকেটারদের বাস ছিল, ফলে তার জন্য একটু সময় লাগে।
ফ্লাডলাইট বিভ্রাট নিয়ে ওড়িশা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় বেহরা যতই সাফাই দিন না, গোটা ঘটনায় শুধু ওড়িশা নয় একইসঙ্গে বিসিসিআইয়ের সম্মান নষ্ট হল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই নিয়ে চরম কটাক্ষ করেছে বিসিসিআইকে। একজন লিখেছেন,বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সুপার পাওয়ার কিন্তু স্টেডিয়ামে 'পাওয়ার কাট' আটকাতে পারছে না। অন্য একজন আবার লিখেছেন, পাকিস্তানকে নিয়ে কটাক্ষ করলেই হবে না। নিজেদের পরিকাঠামোও খতিয়ে দেখা দরকার।
যদিও ফ্লাডলাইট বিভ্রাট ঘটার পরও রোহিত শর্মার ছন্দপতন ঘটেনি, ফের খেলা শুরু হওয়ার পর তিনি আগের ছন্দেই খেলতে থাকেন। ভারত কটকে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চত করেছে। রোহিতও রানে ফিরে স্বস্তি দিয়েছেন টিমকে।












Click it and Unblock the Notifications