AUS vs IND: কোহলি-বুমরাহকে ছাড়াই ভারতের জয়, গিলকে নিয়ে স্বস্তি, অ্যাডিলেড টেস্টের সম্ভাব্য একাদশ
AUS vs IND: অ্যাডিলেডে শুক্রবার থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের। তার আগে ডে-নাইট প্রস্তুতি ম্যাচে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে ৬ উইকেটে হারাল ভারত। তাতে আভাস মিলল অ্যাডিলেড টেস্টে ভারতীয় একাদশেরও।

ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪১ রানের। আঙুলের চোট সারিয়ে আগেই নেটে নেমেছিলেন শুভমান গিল। আজ ম্য়াচে তিনে নেমে তিনি সাতটি চারের সাহায্যে ৬২ বলে ৫০ রান করেন, তারপর সতীর্থদের খেলার সুযোগ করে দিতে আর ব্যাটিং চালিয়ে যাননি।
ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ফলে আভাস মিলছে অ্যাডিলেডে অধিনায়ক রোহিত শর্মা মিডল অর্ডারেই নামবেন। রাহুল আজ ৪৪ বলে ২৭ রান করে উঠে যান। যশস্বী জয়সওয়াল ৫৯ বলে ৪৫ রান করেছেন।
রোহিত শর্মা চারে খেলতে নেমে ১১ বলে তিন রানের বেশি করতে পারেননি। বিরাট কোহলি প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামেননি। তিনি জসপ্রীত বুমরাহকে নিয়ে নেটে প্র্যাকটিস সারেন। পাঁচে নেমে নীতীশ কুমার রেড্ডি ৩২ বলে ৪২ রান করেন, পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে।
রবীন্দ্র জাদেজা করেন ৩১ বলে ২৭। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। সরফরাজ খান ৪ বলে ১ রানের বেশি করতে পারেননি। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ ইনিংসের ২৩তম ওভার থেকে কিপিং করেন সরফরাজ।
ঋষভ পন্থ ব্য়াট করতে নামেননি। দেবদত্ত পাড়িক্কল ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। ৪৬ ওভারের ম্যাচে ভারত ৪২.৫ ওভারেই চার উইকেট হারিয়ে ২৪১ রানের টার্গেটে পৌছে যায়। তবে এরপরও পুরো ৪৬ ওভারই খেলে। রান তুলল ৫ উইকেটে ২৫৭।
অ্যাডিলেড টেস্টে জশ হ্যাজলউডের জায়গায় খেলার কথা স্কট বোল্যান্ডের। তিনি ১০ ওভার বল করেন, ২টি মেডেন, ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভারত ২ বছর পর দিন-রাতের টেস্টে খেলবে, অস্ট্রেলিয়ায় চার বছর পর। তার আগে এদিনের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে গোটা দলের।
দু-দিনের ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে খেলা হয়নি। আজ ৫০ ওভারের খেলা হওয়ার কথা ছিল। ভারত টস জিতে ফিল্ডিং নেয়। খেলা শুরুর পর বৃষ্টি নামে। ফলে ওভার কমিয়ে ৪৬ করা হয়। স্যাম কনস্টাসের ১০৭ রানের দৌলতে পিএম একাদশ ৪৩.২ ওভারে ২৪০ রান তোলে। হর্ষিত রানা চারটি, আকাশ দীপ ২টি উইকেট নেন।
মনে করা হচ্ছে, অ্যাডিলেডে দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল বাদ পড়বেন। রোহিত ও গিল খেলবেন। গিল তিনেই নামবেন, রোহিত পাঁচে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় রবীন্দ্র জাদেজাকে খেলানো হবে কিনা তা স্পষ্ট হবে কয়েক দিনেই। আজ দু-জনকে খেলানো হলো। তবে বাইরেই রাখা হলো রবিচন্দ্রন অশ্বিনকে। ভারতের পেস বোলিং বিভাগে পরিবর্তন হবে না।












Click it and Unblock the Notifications