'বিরাট কোহলি বা এমএস ধোনির থেকে অভিষেকে ক্যাপ পাওয়াটা স্বপ্ন ছিল'
'বিরাট কোহলি বা এমএস ধোনির থেকে অভিষেকে ক্যাপ পাওয়াটা স্বপ্ন ছিল'
রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি এক দিনের সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হয়েছে দীপক হুডার। তিন ম্যাচের সিরিজে প্রথম দু'টি ম্যাচেই সুযোগ পেয়েছেন হুডা। জাতীয় দলের জার্সি গায়ে তোলা লক্ষ্য থাকে প্রতিটা খেলোয়াড়ের। দীপক হুডারও তাই ছিল। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে নতুন বছরে। তবে, হুডার এই খুশি আরও বেড়ে গিয়েছে ভারতীয় দলের ক্যাপ বিরাট কোহলির মতো ক্রিকেট নক্ষত্রের হাত থেকে পাওয়ায়।

দ্বিতীয় ম্যাচে জয়ের পর তিনি জানিয়েছে, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলরি কাছ থেকে অভিষেক ম্যাচে টিম ক্যাপ পাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। বিসিসিআই.টিভি-র পোস্ট করা একটি ভিডিও'তে সতীর্থ সূর্যকুমার যাদবের সঙ্গে আলোচনায় এমনটাই বলতে শোনা যায় হুডাকে। তিনি বলেন, "প্রথম একদিনের ম্যচে আমার অভিষেক হয়েছে। এটা দারুণ এক অনুভূতি। তুমি সব সময়ে এই লক্ষ্যকে সামনে রেখেই কঠিন পরিশ্রম করো, ম্যাচের আগে আমি তোমার (সূর্যকুমার যাদব) সঙ্গে কথা বলেছিলাম। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই দলের অংশ হতে পেরে। আমার ছোট বেলার স্বপ্ন ছিল মহেন্দ্র সিং ধোনি অথবা বিরাট কোহলির থেকে ক্যাপ পাওয়ার। কোহলির থেকে ক্যাপ পেয়ে ভাল লাগছে।"
হুডার আরও সংযোজন, "ভাল জিনিস হতে সময় লাগে, কিন্তু নিজেকে তৈরি রাখো সব সময়ে। অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া অভিজ্ঞতা অসাধারণ। তাঁদের থেকে অনেক কিছু সব সময়েই শেখার থাকে। আমি ওঁদের থেকে শেখার চেষ্টা করছি। আমার লক্ষ্য হল নিজের উন্নতিতে আরও বেশি পরিশ্রম করা এবং ফলাফলের বিষয়ে বিশে চিন্তা না করা।"
দ্বিতীয় এক দিনের ম্যাচে ২৯ রান আসে দীপক হুডার ব্যাট থেকে। একটি উইকেটও এই ম্যাচে পেয়েছেন ২৬ বছর বয়সী তরুণ ক্রিকেটার। সেট হয়ে যাওয়া শামার ব্রুককে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে দীপকের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ২৬ রান।
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের টপ অর্ডারের তিন জন রোহিত শর্মা, ঋষভ পন্থ এবং বিরাট কোহলি ব্যর্থ হওয়ায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব এবং কে এল রাহুল। নিজের পরিচিত ওপেনিং পজিশনে না খেলল্ও রান পেতে সমস্যা হয়নি রাহুলের এক রানের জন্য অর্ধ-শতরান হাতছাড়া করেন তিনি। ৬৪ রান করে সূর্যকুমার যাদব। সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে ভারত এবং ওয়স্ট ইন্ডিজ।












Click it and Unblock the Notifications