বিশ্বকাপে গেইল ঝড় : প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দ্বিশতরান
বেঙ্গালুরু, ২৪ ফেব্রুয়ারি : বড় মঞ্চে জ্বলে ওঠা বোধহয় একেই বলে!
বিশ্বকাপের ৪০ বছরের ইতিহাসে যা আগে কখনও হয়নি ঠিক সেটাই এদিন করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস্টোফার হেনরি গেইল।
বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে জিম্বাবোয়ের বিরুদ্ধে পুল বি ম্যাচে বিধ্বংসী দ্বিশতরান করলেন তিনি। এর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের পাহাড় তৈরি করল।
এদিন কেরিয়ারের ২৬৬ তম ম্যাচে ব্যক্তিগত ৯০০০ রানের মাইলস্টোন পূর্ণ করার পাশাপাশি ৫০ ওভারের ম্যাচে তাঁর ২২ তম শতরানটাও সেরে ফেলেন গেইল।

এদিন তাঁর সংগৃহীত রান ২১৫। স্ট্রাইক রেট ১৪৬.২৫। খেলেছেন মাত্র ১৪৭ টি বল। তাঁকে যোগ্য সঙ্গত দেন মার্লন স্যামুয়েলস। তিনি করেন অপরাজিত ১৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৩৭২/২ রান করে। এর আগে তাঁদের সর্বোচ্চ রান ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধেই ৩৬৩/৪।
শূন্য রানে প্রথম উইকেট পড়ার পর ধীরে ধীরে খেলার রাশ ধরে নেন গেইল ও স্যামুয়েলস। মাঝ ইনিংসের পর থেকে হাত খোলেন গেইল। এরপর আর কোনও বোলার তাঁর হাত থেকে রক্ষা পাননি।
ছক্কা মারার হিসেবেও বিশ্বকাপে নয়া রেকর্ড গড়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়। ১৬ টি ছয় হাঁকিয়েছেন তিনি, ছুঁয়েছেন রোহিত শর্মার এক ইনিংসে সবচেয়ে বেশি (১৬ টি) ছয় মারার রেকর্ড।
চলুন একনজরে দেখে নেওয়া যাক এদিন কী কী রেকর্ড করলেন গেইল
- বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচে দ্বিশতরান।
- প্রথম খেলোয়াড় হিসেবে একদিনের ম্যাচে দ্রুততম দ্বিশতরান (১৩৮ বলে)।
- প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচ, টেস্ট ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচে শতরান।
- বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের অধিকারী ছিলেন গ্যারি কার্স্টেন ১৮৮* রান, জিম্বাবোয়ের বিরুদ্ধে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্যর ভিভিয়ান রিচার্ডসের ১৮৯* রানকেও এদিন টপকে গিয়েছেন গেইল।
- রোহিত শর্মা (২৬৪ রান), বীরেন্দ্র সেহবাগের (২১৯ রান) পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
- ভারতের বাইরে এটাই প্রথম দ্বিশতরানের ইনিংস।
- পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিশতরান।
- এক ইনিংসে সবচেয়ে বেশি (১৬ টি) ছয় মারার রেকর্ড। রোহিত ও এবি ডেভিলিয়ার্সও সম পরিমাণ ছয় হাঁকিয়েছেন।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ টি ছয় হাঁকানোর রেকর্ড। সামনে রয়েছেন শুধু পাকিস্তানের শাহিদ আফ্রিদি।












Click it and Unblock the Notifications