রোহিত ও বিরাটকে সাবধানবাণী গাভাসকরের, গিলকে ওডিআই অধিনায়ক করার পিছনে বড় কারণ প্রকাশ্যে
রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য আরও খারাপ খবর অপেক্ষা করে রয়েছে। একটি সর্বভারতীয় খেলার চ্যানেলে এমনই মন্তব্য করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।
একদিনের আন্তর্জাতিকের অধিনায়কত্ব থেকেও রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়া সফরের ওডিআই দলে রেখে দেওয়া হয়েছে রোহিত ও বিরাটকে।

মনে করা হচ্ছে, ওডিআই ফরম্যাট থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার প্রথম ধাপ তাঁর থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া। নির্বাচক প্রধান অজিত আগরকরের কথায় ইঙ্গিত মিলেছে, ২ বছর পর ওডিআই বিশ্বকাপ খেলার বিষয়ে রোহিত ও বিরাট নিশ্চয়তা দিতে পারেননি। এমনকী তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শও দিয়েছেন আগরকর।
গাভাসকর বলেন, যদি দুই বছর পর বিশ্বকাপ খেলার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আরও খারাপ খবরের জন্য তৈরি থাকতে হবে। খুব বেশি ওডিআই হাতে নেই। ফলে তাঁদের দুজনকেই প্রচুর অনুশীলন করতে হবে। বিজয় হাজারে ট্রফিতেও খেলতে হবে। আমরা জানি না রোহিত ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কিনা। তিনি শুধু ওডিআই খেলছেন। আন্তর্জাতিক ক্রীড়াসূচিতে ভারতের খুব বেশি ওডিআই নেই। দ্বিপাক্ষিক সিরিজে টেস্ট আর টি২০ আন্তর্জাতিক রয়েছে। ফলে বছরে ৫-৭টি ওডিআই রয়েছে। বিশ্বকাপ খেলতে যে ধরনের প্র্যাকটিস প্রয়োজন সেই সুযোগ নেই রোহিতদের। ফলে দলেই যদি জায়গা ধরে রাখতে না পারেন, সে কথা মাথায় রেখেই শুভমান গিলকে তৈরি করার জন্য তাঁকে অধিনায়ক করা হয়েছে।
সানির কথায়, রোহিত আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন, তার আগে টি২০ বিশ্বকাপ। তাঁর অধিনায়কত্ব নিয়ে কথা হবে না। কিন্তু দুই বছর পরের কোনও পরিস্থিতির কথা এখন ভাবলে তরুণ অধিনায়ককে তৈরি রাখতেই হবে। সম্ভবত সে বিষয়ে রোহিতও সহমত। নির্বাচকমণ্ডলী আগামীর কথা ভেবেই দল গড়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ, রোহিত যদি ওডিআই অধিনায়ক থাকতেন তাহলে দলের সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়ত। সেটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। কারণ, রোহিত লিডারশিপ গ্রুপে থাকলে তাঁর মতো করে দল চালাতে চাইতেন। তিনি শুধু একটি ফরম্যাটেই খেলেন। সে কারণে দলের সংস্কৃতি নষ্ট হওয়ার আশঙ্কা ছিল।
ওই প্রতিবেদনে বোর্ডের এক আধিকারিকের বিবৃতি উল্লেখ করে দাবি করা হয়েছে, হেড কোচ হওয়ার পর প্রথম ছয় মাস টেস্ট ও ওডিআই নিয়ে পিছনের সারিতেই ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু দেশের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হারের পরই গম্ভীর শক্ত হাতে রাশ ধরেছেন। তাতেই প্রশস্ত হচ্ছে সিনিয়রদের বিদায়ের রাস্তা।












Click it and Unblock the Notifications