পূজারা দেবেন হাঁড়ির খবর! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলকে পরামর্শ গাভাসকরের
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ভারতের সব ক্রিকেটারই পৌঁছে গেলেন লন্ডনে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। সাদা বলের ফরম্যাট থেকে লাল বলের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডের কন্ডিশনে।
জুনের ৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল। ইংল্যান্ডে বল অনেক বেশি স্যুইং করে। মেঘলা আকাশ হয়ে যায়। সেই সময় খেলাটাও চ্যালেঞ্জিং। ভারতীয় ব্যাটারদের টেকনিক্যাল কিছু বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর।

স্টার স্পোর্টসের ফলো দ্য ব্লুজ অনুষ্ঠানে গাভাসকর বলেন, ব্যাট স্পিডের দিকে নজর রাখতে হবে। টি ২০-তে ব্যাট স্পিড দ্রুত গতির হলেও টেস্টে অনেক বেশি নিয়ন্ত্রণ জরুরি। স্যুইং দেখে শট খেলার জন্য শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করা জরুরি। গাভাসকর বোঝাতে চেয়েছেন, বাইরের বল তাড়া করে শট খেলার লোভ সম্বরণ করার বিষয়টিও।
গাভাসকরের কথায়, ভালো পিচে ব্যাটাররা ভুল করে থাকেন হামেশাই। এই ধরনের পিচে বলের লাইন বুঝে ব্যাট করাটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের পিচ ও কন্ডিশনে হাফ ভলি খেলতে গিয়েও সতর্ক থাকার পরামর্শ দেন সানি। নতুন বলে ফুলার লেংথ ডেলিভারিও করতে বলেন গাভাসকর। হাওয়ায় থাকাকালীন ও পিচে পড়েও বল যাতে মুভ করে।

গাভাসকর আরও বলেন, ইংল্যান্ডের কন্ডিশন চ্যালেঞ্জিং। আমরা এ দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলতে পারদর্শী। কিন্তু ইংল্যান্ডে এমনও হবে যখন আকাশ মেঘে ঢাকা থাকবে। তাপমাত্রাও কম থাকবে। এই ধরনের পরিস্থিতিতে ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের খেলতে কিছুটা সমস্যা হয়। বল হাওয়ায় স্য়ুইং করে।
এই বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টেস্ট ম্যাচের আগে দু-তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার গুরুত্বের কথাও উঠে এসেছে গাভাসকরের কথায়। যদিও ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রস্তুতি ম্য়াচ খেলবে না। একঝাঁক নেট বোলারদের নিয়ে গিয়ে ইংল্যান্ডে প্রস্তুতি সারছেন বিরাট কোহলিরা।

ভারতীয় ক্রিকেটাররা যখন আইপিএলে খেলছিলেন তখন কাউন্টিতে সাসেক্সকে নেতৃত্ব দিয়েছেন চেতেশ্বর পূজারা। শতরানও পেয়েছেন। তাঁর নেতৃত্বে খেলেছেন স্টিভ স্মিও। গাভাসকর মনে করছেন, ভারতীয় দলের সাফল্যের ক্ষেত্রে পূজারার ইনপুট কার্যকরী হবে। কারণ ওভালের পিচ কেমন আচরণ করতে পারে তা নিয়ে ওয়াকিবহাল পূজারা।
গাভাসকর বলেন, পূজারা ওভালে না খেললেও তিনি সাসেক্সে কাটিয়েছেন বেশ কিছুদিন, যা লন্ডনের চেয়ে বেশি দূরে নয়। নিশ্চিতভাবেই তিনি ওভাল সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। ফলে ব্যাটিং বা অধিনায়কত্বের ক্ষেত্রে পূজারার কাছ থেকে প্রাপ্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। স্টিভ স্মিথের বিরুদ্ধে রণকৌশল নির্ধারণেও তা কার্যকরী হবে বলে মত সানির।












Click it and Unblock the Notifications