ঈশান কিষাণের প্রংশসায় গৌতম গম্ভীর, টি ২০ বিশ্বকাপে ওপেনিংয়ে কেন হতে পারেন এক্স-ফ্যাক্টর?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলছেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহরা। তাঁদের অনুপস্থিতিতে কে কার বিকল্প কিংবা কয়েকটি পজিশনের নিরিখে কে উপযুক্ত ক্রিকেটার হতে পারেন সেদিকে যেমন টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা নজর রেখেছেন, তেমনই মতামত ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা। টি ২০ বিশ্বকাপে ভারতের টপ অর্ডার কেমন হবে তা নিয়ে চলছে চর্চা। মনে করা হচ্ছে, চলতি সিরিজে ঈশান কিষাণ যে ছন্দে রয়েছেন তাতে টি ২০ বিশ্বকাপের টিকিট তিনি পেয়েই যাবেন।

ঈশান কিষাণ চেনা মেজাজে
দিল্লিতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ঈশান কিষাণ ৪৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৩৩। গতকাল কটকে কিষাণ ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৪ রান করেন। স্ট্রাইক রেট ১৬১.৯০। অপর ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় প্রথম ম্য়াচে তিনটি ছয়ের সাহায্যে ১৫ বলে ২৩ রান করলেও গতকাল ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন। যদিও তিনি পর্যাপ্ত সুযোগ পাবেন টি ২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে, তবু বলা যায় দৌড়ে কিছুটা এগিয়েই গিয়েছেন কিষাণ।

পাওয়ারপ্লে-র পারফরম্যান্স
ঈশান কিষাণের পাওয়ারপ্লে অর্থাৎ প্রথম ছয় ওভারের পারফরম্যান্সও বেশ ভরসা দেওয়ার মতোই। দুটি ইনিংস মিলিয়ে ৪১ বল খেলে তিনি ৫৫ রান করেছেন পাওয়ারপ্লে-তেই। স্ট্রাইক রেট ১৩৪.১, প্রায় প্রতি চার বল অন্তর বাউন্ডারিও মেরেছেন। ওপেনিংয়ে নির্ভীক ব্যাটিংয়ের নিরিখে তাঁর এই পারফরম্যান্স নিঃসন্দেহে উল্লেখযোগ্য।

উত্তম প্রস্তাব
ঈশানের ছোটবেলার কোচ উত্তম মজুমদার ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আগেই বলেছেন, রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো উচিত ঈশানকে দিয়েই। লোকেশ রাহুল যে কোনও পজিশনে ব্যাট করতে পারদর্শী। তাছাড়া মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সঙ্গে ঈশান ওপেন করে থাকেন, ফলে বোঝাপড়া থাকবে ভালোই। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের ওপেনিং জুটি কার্যকরীও হবে।

গম্ভীরও চান একাদশে
উত্তম মজুমদারের কথার প্রতিধ্বনিই শোনা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের গলায়। রোহিত, বিরাট, রাহুল এলে ভারতের ব্যাটিং অর্ডার কেমন হবে সেই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, সব সময় এক্স-ফ্যাক্টর ও নির্ভীকভাবে খেলার কথা বলা হয়ে থাকে। কিষাণের মধ্যে ফিয়ারলেস অ্যাপ্রোচ রয়েছে, সে তিনি রান পান কিংবা না পান। রোহিতের সঙ্গে কিষাণকে নামিয়ে রাহুলকে মিডল অর্ডারে পাঠানো হবে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে আমি ঈশান কিষাণকে দলে দেখতে চাইব। কিষাণ ব্যাকফুটে পুল মারতে ভালোবাসেন, লেংথ বলও ভালোভাবেই খেলেন। আমার মতে তাই ঈশানকে টি ২০ বিশ্বকাপে খেলানো উচিত। যদি সেটা করতেই হয়, তাহলে বিশ্বকাপের আগে কিষাণকেই টানা খেলানো হোক।












Click it and Unblock the Notifications