India's Bowling Coach: মরকেলকে কেন বোলিং কোচ বাছলেন গম্ভীর? ভারতের বড় পরিকল্পনা ফাঁস
India's Bowling Coach: ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন মর্নি মরকেল। সেপ্টেম্বর থেকেই তিনি দায়িত্ব নেবেন। তবে প্রশ্ন উঠছে, ভারতের কাউকে না নিয়ে কেন বিদেশি বোলিং কোচ?
রবি শাস্ত্রীর সময় ভরত অরুণ, রাহুল দ্রাবিড়ের সময়কালে পরণ মামব্রে ছিলেন বোলিং কোচ। কিন্তু গম্ভীর বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারকে।

জাহির খান, লক্ষ্মীপতি বালাজি, আর বিনয় কুমারের নাম নিয়ে চর্চা চলছিল। কিন্তু বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হলো মরকেলকে। উল্লেখ্য, মরকেলের সঙ্গে গম্ভীরের পরিচয় দীর্ঘদিনের।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতেকে ভারতের সহকারী কোচ করেছেন গম্ভীর। ফিল্ডিং কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে টি দিলীপকে। কিন্তু বোলিং কোচের ক্ষেত্রে বিদেশিতেই আস্থা গম্ভীরের।
মরকেলের সঙ্গে গম্ভীর খেলেছেন আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সে। এ ছাড়া লখনউ সুপার জায়ান্টসে যখন গম্ভীর মেন্টর ছিলেন তখন মরকেল ছিলেন সেই দলের বোলিং কোচ। গম্ভীর লখনউ ছেড়ে কেকেআরে গেলেও ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার আগে অবধি মরকেল ছিলেন লখনউয়েই।
বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির এক সদস্য সংবাদসংস্থা পিটিআইকে জানান, কমিটিকে হেড কোচ পদের জন্য ইন্টারভিউ নিতে বলা হয়েছিল। কিন্তু সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে গম্ভীরের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় গম্ভীরই মরকেলকে নেওয়ার কথা বলেন।
নভেম্বরেই ভারত যাচ্ছে অস্ট্রেলিয়ায়, পাঁচ টেস্টের সিরিজ খেলতে। গম্ভীর মনে করেছেন, এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারই সর্বাধিক যোগ্য ভারতের বোলিং কোচের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে। মরকেল নিজেও অস্ট্রেলিয়া সফরে সাফল্য পেয়েছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-সহ বিদেশেও টেস্ট সিরিজ রয়েছে। সেজন্যই মরকেলকে বেছে নেওয়া।
উল্লেখ্য, মরকেল ৮৬টি টেস্ট, ১১৭টি একদিনের আন্তর্জাতিক ও ৪৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট-সংখ্যা ৫৪৪। আইপিএলে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মরকেলের।












Click it and Unblock the Notifications