Gautam Gambhir: ২০২৪ সালের আইপিএলে যুক্ত থাকা কঠিন গম্ভীরের জন্য, সৌজন্যে রাজনীতির অঙ্ক
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে আগামী মরসুমের আইপিএলে ফের পুরানো দল কেকেআরে যোগ দিতে পারেন গৌতম গম্ভীর। গত ২৪ ঘণ্টায় এই নিয়েই চলছিল জল্পনা কল্পনা। কিন্ত শনিবার উঠে এল নতুন তত্ত্ব।
শুক্রবার একটি হিন্দি দৈনিকের খবরে প্রকাশিত হয়েছিল পরের মরসুমে মোটের নিশ্চিত গম্ভীর লখনউ দল ছাড়ছেন। জোর জল্পনা, অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দুই বার চ্যাম্পিয়ন করানো গম্ভীর এবার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হয়ে ফিরছেন। কেকেআর-কোচ চন্দ্রকান্ত পন্ডিতদের সঙ্গে এবার শ্রেয়স আইয়ারদের চাঙ্গা করতে গম্ভীরকে আনতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিরা।

কিন্তু শনিবার উঠে আসছে নতুন কাহিনি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ২০২৪ সালে লখনউ বা কেকেআর নয় কোনও দলেই যোগ দিতে পারবেন না ভারতীয় দলের প্রাক্তন তারকা। গম্ভীর বর্তমানে পূর্ব দিল্লির সাংসদ। দিল্লিতে বিজেপির অন্যতম মুখ। ২০২৪ সালে আইপিএলের সময় দেশজুড়ে চলবে লোকসভা ভোট। ফলে ভোটের কাজেই ব্যস্ত থাকতে হবে গম্ভীরকে।
দিল্লি্তে নির্বাচনী এলাকায় ৩৬টি ওয়ার্ডের মধ্যে ২১টিতেই বিজেপি জিতেছিল। বাকি দিল্লিতে আম আদমি পার্টির (আপ) প্রভাব থাকলেও গম্ভীরের এলাকায় দাপট দেখিয়েছিল বিজেপি। তাই নির্বাচনের কাজে গম্ভীরকে বেশি করে চাইবে কেন্দ্রীয় শাসকদল। সেই কারণেই ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে পারেন গম্ভীর। তবে লখনউ ছাড়বেন না তিনি।

আগামী মরসুমে লোকেশ রাহুলদের নয়া হেড কোচ হিসেবে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। এরপর স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে যোগ দিলেন এমএসকে প্রসাদ। প্রাক্তন মুখ্য নির্বাচক যোগ দেওয়ার পরই গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা। শুরু হয়েছে। গম্ভীর নিজে এখনও জানাননি যে, তিনি এ বারের আইপিএল থেকে বিরতি নিচ্ছেন। সবটাই জল্পনার চর্চায় রয়েছে।
তবে এই বিষয়টি অস্বীকার করার কোনও অবকাশ নেই। ভোটে প্রতিদ্বন্দ্বীতা করলে ২০২৪ সালের আইপিএলে কোনও দলোর সঙ্গেই যুক্ত থাকা গম্ভীরের পক্ষে কঠিন। কারণ একই সময়ে আইপিএল ও লোকসভা ভোট হবে।
আইপিএলের সময় আগামী বছর দেশজুড়ে লোকসভা ভোট চলবে। সেই কারণেই আগামী বছর আইপিএল এগিয়ে আনার কথা ভাবছে বোর্ড।

প্রয়োজন হলে মার্চ মাসে এগিয়ে নিয়ে আসা হতে পারে আইপিএল। আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। এদিকে মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। ফলে আইপিএলের শেষদিকের ম্যাচগুলি বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।শুধু ভোট নয় আগামী বছর ৪ জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপও শুরু হওয়ার কথা।












Click it and Unblock the Notifications