চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ প্রাপ্য গৌতম গম্ভীরের : সৌরভ গঙ্গোপাধ্যায়
ফর্মে থাকা কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার পক্ষে জোর সওয়াল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা, ৪ মে : এবছরের আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এহেন ফর্মে থাকা কেকেআর অধিনায়কের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার পক্ষে জোর সওয়াল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএলে ১১ ম্যাচে ৪১১ রান করে ফেলেছেন গম্ভীর। তার মধ্যে চারটি অর্ধশতরান রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুধু রান করার ক্ষেত্রে গম্ভীরের চেয়ে এগিয়ে রয়েছেন।

সৌরভ বলেছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে গম্ভীরের সুযোগ পাওয়া উচিত। ও দারুণ ফর্মে রয়েছে। এতবছর ক্রিকেট খেলার পরও গম্ভীরের অধ্যাবসায় দেখে তিনি মুগ্ধ, জানিয়েছেন সৌরভ। চোট পাওয়া ওপেনার কেএল রাহুলের সেরে ওঠা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সেই জায়গায় গম্ভীর বিকল্প হতে পারেন বলেই মনে করছেন সৌরভ।
প্রসঙ্গত, ২০১৩ সালে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে পাঁচ ম্যাচে ১২৭ রান করার পর তিনি দল থেকে বাদ পড়েন। সম্প্রতি টেস্ট দলে গম্ভীরের কামব্যাক হয়েছে। দু'বছর পরে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি করে টেস্ট খেলেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলে একদিনের ম্যাচেও কামব্যাক করবেন গম্ভীর।












Click it and Unblock the Notifications