কেকেআর বাই বাই গম্ভীরের , ফের নাকি দিল্লি ফিরবেন গোতি, জল্পনা শুরু
কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু বার চ্যাম্পিয়ন হয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর।
বাসা বদল , থুড়ি বেস ক্যাম্প বদলাতে চলেছেন গৌতম গম্ভীর। ক্রিকেট মহল জোর গুঞ্জন আইপিএলে শিবির বদলাতে চলেছেন কেকেআর অধিনায়ক।

অধিনায়ক হিসেবে কেকেআরের হয়ে দু'বার চ্যাম্পিয়ন হয়েছেন গোতি। কিন্তু আর নাকি শাহরুখ খানের সঙ্গে নয়। এবার ফের নিজের শহর দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে মাঠে নামতে পারেন গম্ভীর। এই রনজি মরশুমে দারুণ পারফরম্যান্স করেছেন গম্ভীর। ঝোলায় রয়েছে ৬৩২ রান। প্রতি মুহূ্র্তে নিজের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফেরার জন্য নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমি শুধু রান করতে পারি, বাকিটা আমার হাতের বাইরে। ব্যাটসম্যান হিসেবে আমার কাজ খালি রান করা এবং শক্ত ম্যাচে পারফর্ম করে দলকে জয়ে পৌঁছে দেওয়া। '
এদিকে আইপিএল নিয়েই মুখ খুলেছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, 'আমি এখনও অবধি রিটেনশান নিয়ে কোনও কিছু জানিনা। কেকেআর আমার হৃদয়ের কাছাকাছি অন্যদিকে দিল্লি আমার নিজের শহর ফলে তাদের হয়ে খেলতেও আমার ভালো লাগবে। কিন্তু এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যেকোনও দলের হয়েই খেলতে পারি। '
২০১১ সালের নিলামে কলকাতায় আসেন গৌতম গম্ভীর। এরপর তাঁর অধিনায়কত্বে শাহরুখের দল ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়।












Click it and Unblock the Notifications