Gary Kirsten: ছয় মাসেই সম্পর্কের ইতি, পাকিস্তানের সীমিত ওভারের কোচের দায়িত্ব ছাড়ছেন গ্যারি কার্স্টেন
পাকিস্তান ক্রিকেটে ডামাডোল অব্যাহত। দল গঠন নিয়ে বিতর্কের মধ্যেও আরও বড় খবর প্রকাশ্যে এল। এবার পাকিস্তান দলের টি২০ এবং একদিনের দলের কোচের পদ ছাড়তে চলেছেন গ্যারি কার্স্টেন। সরকারিভাবে ঘোষণা না হলে ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিয়োগের ছয় মাসের মধ্যেই দায়িত্ব ছাড়ছেন গ্যারি।
২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান দলের সীমিত ওভারের ক্রিকেটের কোচ করা হয় গ্যারি কার্স্টেনকে। কিন্তু ছয় মাসও টিকল না সম্পর্কের মেয়াদ। পিসিবির সঙ্গে নানা ইস্যুতে মতবিরোধ হচ্ছিল কার্স্টেনের। ফলে সাদা বলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্থ নিয়েছেন গ্যারি।

শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডই নয়, বেশকিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দলের ক্রিকেটারদের সঙ্গে একাধিক ইস্যুতেই মতবিরোধ চলছিল গ্যারির। দলের হাইপরফরম্যান্স দলের কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের অনুরোধ করেছিলেন কার্স্টেন। পিসিবি সেই অনুরোধেও সায় দেয়নি। তার বদলে অন্য কিছু নাম প্রস্তাব করে বোর্ড। পিসিবির এমন আচরণে হতাশ হয়ে পড়েন প্রোটিয়া প্রাক্তনী।
গ্যারি বা পিসিবি এখনও সরকারিভাবে কিছু বলেননি। কিন্তু ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দল গঠন এবং সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক বাছাই নিয়ে গ্যারির সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছে পাক ক্রিকেট বোর্ডের। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক করা হয়েছে মহম্মদ রিজওয়ানকে। বাবর আজমের স্থলাভিষিক্ত হলেন রিজওয়ান। অস্ট্রেলিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, সোমবার মেলবোর্নে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন কোচ গ্যারি কার্স্টেন। তবে বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফরে দলের কোচের ভূমিকায় দেখা যাবে না গ্যারিকে।
ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সীমিত ওভারের কোচের ইস্তফা সমস্যায় ফেলল পিসিবিকে। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সীমিত ওভারের ক্রিকেটে নতুন হেড কোচ খুঁজে নিতে হতে পারে। সূত্রের খবর, চেনা কোনও মুখকেই দলের একদিনরে এবং টি২০ ফর্ম্যাটের জন্য কোচ করতে পারে পিসিবি। সম্ভবত টেস্ট কোচ জেসন গিলেসপিকেই এই দায়িত্ব দেওয়া হতে পারে।
জেসন গিলেসপির কোচিংয়ে সম্প্রতি টেস্টে ভালো ফল করেছে পাকিস্তান দল। পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানিতে ছিল। কিন্তু ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে এক লাফে নবম থেকে সপ্তম স্থানে উঠেছে তারা। এই পরিস্থিতিতে জেসন গিলেসপিকেই সীমিত ওভারের কোচ করতে পারে পিসিবি।












Click it and Unblock the Notifications