চ্যাম্পিয়ন্স ট্রফির পর মূল্যায়ন হেড কোচ গম্ভীরের ভূমিকার, চ্যাপেল-জমানার মতো ঝড়ও উঠতে পারে
Gautam Gambhir: ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের চুক্তি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স দেখে তাঁর ভূমিকা যাচাই করা হবে, বোর্ডসূত্রে তেমনই খবর।
গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর ভারত ১০টি টেস্টেক ৬টিতে হেরেছে। নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে পরাস্ত হয়েছে। হেরেছে শ্রীলঙ্কায় ওডিআই সিরিজেও।

বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা যতই ভারতীয় ড্রেসিংরুমে মতানৈক্যের বাতাবরণ নেই বলে জোরালো গলায় দাবি করুন না কেন, সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উল্টো ছবিই সামনে আসছে। গম্ভীর ভারতীয় দলে সুপারস্টার সংস্কৃতি তুলতে চান। আর তা নিয়েই যাবতীয় সমস্যা।
রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহাতারকাদের সঙ্গে গম্ভীরের দূরত্ব যে তৈরি হচ্ছে তা অস্বীকার করছেন না নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডকর্তারা। রোহিত, বিরাট ফর্মে নেই। সেই সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটার গম্ভীরের কোচিংয়ের ধরনে অসন্তোষ প্রকাশ করছেন বলে খবর।
এক বোর্ডকর্তার কথায়, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফল না করলে হেড কোচ হিসেবে গম্ভীরের পদ কিছুটা নড়বে। ২০২৭-এর বিশ্বকাপ অবধি চুক্তি আছে। কিন্তু কোচের ভূমিকার মূল্যায়নের প্রক্রিয়া জারি থাকবে। খেলায় শেষ কথা ফল। এখনও অবধি গম্ভীরের কোচিংয়ে প্রত্যাশিত ও উল্লেখযোগ্য সাফল্য আসেনি।
ভারতীয় দলের সংস্কৃতির প্রশ্নে সিনিয়রদের সঙ্গে গম্ভীর যে এক মেরুতে নেই তা বোর্ডের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে। গম্ভীর ২০১২ সালে কেকেআরের অধিনায়ক থাকাকালীন সুপারস্টার সংস্কৃতি তুলে দিয়ে আইপিএল ফাইনালে ব্রেন্ডন ম্যাকালামকে বসিয়ে দিয়েছিলেন।
আবার দিল্লির অধিনায়ক থাকাকালীন গম্ভীর ঠিক করেছিলেন রঞ্জি ম্যাচ খেলবেন রোশনারা গ্রাউন্ডের গ্রিন টপে। কিন্তু ভারতীয় দলের বাইরে থাকা তৎকালীন এক তারকা নিজের বাড়ির কাছে জামিয়া মিলিয়া ইসলামিয়া গ্রাউন্ডে খেলার জন্য সওয়াল করছিলেন। গম্ভীর তাতে পাত্তা দেননি। সেভাবেই তিনি ভারতীয় দলে বহুদিন ধরে চলে আসা সুপারস্টার কালচারের অবসান ঘটাতে চান। তাতেই কিছু সিনিয়র অসন্তুষ্ট, অস্বস্তিতে পড়েছেন।
অস্ট্রেলিয়া সফরে কিছু সিনিয়র ক্রিকেটার যেভাবে হোটেল ও প্র্যাকটিসের সময় নিয়ে নানা দাবি জানিয়েছেন তা ভালোভাবে নেননি গম্ভীর। আবার গম্ভীরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার কথা উঠে আসছে ক্রিকেটারদের কথায়। গম্ভীর যেভাবে দল নির্বাচনের বিষয়ে নাক গলাচ্ছেন তাতে আবার অসন্তুষ্ট নির্বাচকরা।
গম্ভীর যে রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, গ্যারি কার্স্টেন বা জন রাইটদের চেয়ে আলাদাভাবে কোচিং করাতে চাইছেন সেটা স্পষ্ট। কিন্তু যেভাবে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের দূরত্ব বৃদ্ধির বিষয়টি সামনে আসছে তাতে অনেকের আশঙ্কা, গ্রেগ চ্যাপেল জমানার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা ভারতীয় ক্রিকেটের পক্ষে মোটেই ইতিবাচক হবে না।
বিসিসিআই কর্তারা অখুশি গম্ভীরের আপ্ত সহায়ককে নিয়ে। তিনি কখনও নির্বাচকদের জন্য বরাদ্দ গাড়িতে থাকছেন। তাতে অসুবিধা হচ্ছে নির্বাচকদের। আবার তিনি হোটেলে ভারতীয় দলের খাওয়াদাওয়ার জন্য বরাদ্দ জায়গায় অবাধ বিচরণ করছেন। অ্যাডিলেডে বিসিসিআইয়ের হসপিটালিটি বক্সেও ছিলেন। তবে তাঁর এমন গতিবিধি বন্ধের জন্য ব্যবস্থা নিচ্ছে বোর্ড।












Click it and Unblock the Notifications