আইপিএল না হলে ধোনির প্রত্যাবর্তন অসম্ভব, মত গম্ভীর থেকে শ্রীকান্তের
আইপিএল না হলে ধোনির প্রত্যাবর্তন অসম্ভব, মত গম্ভীর থেকে শ্রীকান্তের
করোনা ভাইরাসের জেরে থমকে রয়েছে আইপিএল। আবার এই টুর্নামেন্টের ওপরই ভারতীয় দলে এমএস ধোনির প্রত্যাবর্তন নির্ভর করছে বলে মত দেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু আইপিএল-ই না হলে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক আর ভারতীয় দলে ফিরতে পারবেন না বলে মনে করেন গৌতম গম্ভীর থেকে কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

করোনা ভাইরাসের জেরে স্থগিত আইপিএল
করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে চলতি বছরের আইপিএল। প্রথমে ঠিক হয়, ২৯ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল শুরু হবে টুর্নামেন্ট। কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায়, এপ্রিলে কোনও মতেই আইপিএল আয়োজন করা সম্ভব নয়। সেক্ষেত্রে হয় আরও পিছিয়ে যেতে পারে নয় বন্ধ হয়ে যেতে পারে টুর্নামেন্ট।

ধোনিকে নিয়ে অনিশ্চয়তা
গত বছরের জুলাই-তে ভারতীয় দলের জার্সিতে শেষবার ওয়ান ডে খেলেছিলেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। প্রায় আট মাস পর ফের ক্রিকেটে ফেরার কথা ছিল তাঁর। আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের শিবিরে অনুশীলনও শুরু করেছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ধোনিকে চেন্নাই থেকে রাঁচি ফিরে আসতে হয়।

কী বলেছিলেন সুনীল যোশী
বিসিসিআই-র নতুন নির্বাচক প্রধান সুনীল যোশী বলেছিলেন, মহেন্দ্র সিং ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপগামী ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন ঘটাতে গেলে আইপিএলে পারফর্ম করে দেখাতে হবে। সেক্ষেত্র আইপিএল না হলে মাহির ভারতীয় দলে ফেরা কার্যত অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

কী বললেন গম্ভীর
আইপিএল না হলে ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন কার্যত অসম্ভব বলে জানিয়েছিলেন লেজেন্ড সুনীল গাভাসকর ও কপিল দেব। এবার একই কথা বললেন ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে এ বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্টই না হলে, ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন অসম্ভব বলে মনে করেন গাউতি। কেএল রাহুলকে, এমএস ধোনির যোগ্য উত্তরসূরি বেছেছেন গৌতম গম্ভীর।

কী বলেছিলেন শ্রীকান্ত
গৌতম গম্ভীরের কথাই শোনা গিয়েছিল লেজেন্ডারি ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তের গলাতেও। সাফ জানিয়েছিলেন, আইপিএল না হলে ভারতীয় দলে ফিরতে পারবেন না এমএস ধোনি।












Click it and Unblock the Notifications