রোহিত-বিরাটকে দলে চাইছেন গম্ভীর ও আক্রম! হার্দিক নন, টি ২০ বিশ্বকাপে কাকে ভারত অধিনায়ক করার দাবি?
Gambhir And Akram On Rohit, Virat: টি ২০ বিশ্বকাপ আগামী জুনে। ইতিমধ্যেই বিশ্বকাপের দল গঠনের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে। চূড়ান্ত দলে কারা সুযোগ পাবেন তা নিয়ে চলছে চর্চা।
রোহিত শর্মা ও বিরাট কোহলি গত বছর টি ২০ বিশ্বকাপের পর আর ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তবে আইপিএলে খেলেন। আগামী বছর আইপিএলের পরেই রয়েছে টি ২০ বিশ্বকাপ।

রোহিত ও বিরাট আদৌ আর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্য়াটে খেলবেন কিনা তা এখনও সরকারিভাবে জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, রোহিত নাকি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন টি ২০ আন্তর্জাতিকে তিনি আর খেলবেন না। তবে নির্বাচকরা সে কথা এখনও জানাননি জনসমক্ষে।
রোহিত ও বিরাট নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবেন। সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে গৌতম গম্ভীর ও ওয়াসিম আক্রমের দাবি, রোহিত ও বিরাটকে রেখেই ভারতের টি ২০ বিশ্বকাপ খেলা উচিত। গম্ভীর একধাপ এগিয়ে গিয়ে রোহিতকেই টি ২০ বিশ্বকাপের অধিনায়ক করার দাবি জানিয়েছেন।
একটি সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, রোহিত ও বিরাটকে দলে নেওয়া উচিত। আমি রোহিতকেই অধিনায়ক দেখতে চাই। এটা ঠিক, হার্দিক টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তারপরও টি ২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখতে চাই। রোহিত শুধু একজন ব্যাটার নন, অসাধারণ নেতা। তাঁর দক্ষতা বিশ্বকাপেও দেখা গিয়েছে।
রোহিতকে দলে নিলে বিরাটও অটোমেটিক চয়েস বলে দাবি গৌতির। তাঁর সাফ কথা, রোহিত যদি টি ২০ বিশ্বকাপ খেলতে চান, তাহলে তাঁকে দলে নিয়ে অধিনায়ক করাই উচিত। প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমও বলেছেন, আমি হলে দুজনকেই দলে নিতাম। তাঁরা যে ভারতের মেইন প্লেয়ার, তা নিয়ে সংশয় নেই। টি ২০-তে শুধু তারুণ্যে নির্ভর করলেই হয় না, অভিজ্ঞতার প্রয়োজন আছে বলেও উপলব্ধি আক্রমের।
উল্লেখ্য, রোহিত শর্মা ২০০৭ সাল থেকে প্রতিটি টি ২০ বিশ্বকাপে খেলেছেন। সর্বাধিক ১৪৮টি টি ২০ আন্তর্জাতিক খেলার রেকর্ডও হিটম্যানের দখলে। ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরানের সৌজন্যে ৩৮৫৩ রান করেছেন। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি সর্বাধিক রানের মালিক। ১১৫টি ম্যাচে ১০৭ ইনিংসে বিরাট ৪০০৮ রান করেছেন টি ২০ আন্তর্জাতিকে। ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান রয়েছে।
২০২১ সাল থেকে ৯ জন অধিনায়ক ভারতকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিক পাণ্ডিয়া বিশ্বকাপের সময় যে চোট পেয়েছেন তাতে আইপিএলের আগে খেলতে পারবেন না বলেই খবর। বিরাট ও রোহিত দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে খেলবেন না। এই পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপে কার হাতে নেতৃত্বের ব্যাটন থাকবে তা নিয়ে চর্চা চলছে। গতকাল অবশ্য সূর্য দেশের ত্রয়োদশ টি ২০ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই দলকে জয় এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications