শামি- সূর্য থেকে জাদেজা-ঋতুরাজ! তারকা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোন আভাস গম্ভীর-অজিতের?
Gambhir PC: শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে আজ সকালে মুম্বইয়ের হোটেলে সাংবাদিক বৈঠক করলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
সেই সাংবাদিক সম্মেলনেই তারকাদের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন উঠে এলো, তেমনই ভালো খেলার পরও তরুণদের বাদ পড়ার প্রসঙ্গেও জবাব দিলেন গম্ভীর, আগরকররা।

ভারতের হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি এমন ক্রিকেটারদেরই চান যাঁরা তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত থাকবেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। রোহিত-বিরাট যাতে বাকি দুই ফরম্যাটে বেশিরভাগ ম্যাচে খেলেন তেমনটাই চাইছেন গম্ভীর।
রবীন্দ্র জাদেজাকে শ্রীলঙ্কা সফরের ওডিআই সিরিজের দলে রাখা হয়নি। অক্ষর প্যাটেলের ফর্মই জাদেজার চ্য়ালেঞ্জ কঠিন করে দিচ্ছে। যদিও নির্বাচক প্রধান আগরকর বলছেন, সামনে ভারতের ১০টি টেস্ট রয়েছে। সে কথা মাথায় রেখেই জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়নি।
মহম্মদ শামি গোড়ালির অস্ত্রোপচারের পর বোলিং অনুশীলন শুরু করেছেন। শামি প্রসঙ্গে গম্ভীর বলেন, তিনি বোলিং শুরু করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর। ওই সময়ের মধ্যেই তাঁকে ফেরানো লক্ষ্য। তবে তা সম্ভব কিনা সে ব্যাপারে এনসিএ-র সঙ্গে কথা বলব।
জসপ্রীত বুমরাহ টি২০ সিরিজের পর জিম্বাবোয়ে সফরের দলে ছিলেন না। শ্রীলঙ্কাতেও যাচ্ছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই যে বুমরাহকে বিশ্রাম দেওয়া হলো সে কথা স্পষ্ট করেছে গম্ভীর। তিনি বলেন, বুমরাহ রেয়ার বোলার। তাঁকে সবাই দলে পেতে চাইবে। তবে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ।
তবে শুধু বুমরাহ নন, জোরে বোলারদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে পেতে তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে গম্ভীরের। শুভমান গিলের লিডারশিপ কোয়ালিটি দেখেই তাঁর মতো অল ফরম্যাট প্লেয়ারকে সহ অধিনায়ক করা হয়েছে, স্পষ্ট করেন আগরকর।
সূর্যকুমার যাদব ভারতের টি২০ অধিনায়ক হয়েছেন। কিন্তু এই বিধ্বংসী ব্যাটারের জায়গা হয়নি ওডিআই দলে। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের কামব্যাক ওডিআই দলে সুযোগের ক্ষেত্রে রাহুলের কাজটা কঠিন করে দিয়েছে।
ঋষভ পন্থ দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলের পর টি২০ বিশ্বকাপেও খেলেছেন। তাঁকে এবার ওডিআই দলেও ফেরানো হলো। ধাপে ধাপে তাঁকে সব ফরম্যাটে ফেরাতে চান নির্বাচকরা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও রাখার ইঙ্গিত মিলল। লোকেশ রাহুলও কামব্যাক করলেন ওডিআই দলে। জায়গা ধরে রাখতে তাঁকেও সাফল্য পেতে হবে রি-সেট বোতাম চেপে।
ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মাদের বাদ পড়া প্রসঙ্গে আগরকর বলেন, এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ১৫ জনের বেশি ক্রিকেটার বাছাই সম্ভব নয়। যেমন কোনও দোষ না থাকলেও টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। অর্থাৎ বার্তা স্পষ্ট যে, ক্রিকেটারদের মধ্যে আপাতত জোর প্রতিযোগিতা। সুযোগের অপেক্ষায় থাকতে হবে, সুযোগের সদ্ব্যবহারও করতে হবে।












Click it and Unblock the Notifications