BCCI SGM: ক্রিকেটার থেকে ক্রিকেট প্রশাসক, ছিলেন মুখ্যমন্ত্রীর আইনি উপদেষ্টাও, এক নজরে দেবজিৎ সাইকিয়ার কেরিয়ার
অনুরাগ ঠাকুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিপূর্বে একাধিক ব্যক্তি ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসেছেন। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন দেবজিৎ সাইকিয়া। রবিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় নতুন সচিব হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন অসম ক্রিকেট বোর্ডের এই কর্তা।
কিন্তু অসমের মত একটি ক্ষুদ্র রাজ্য সংস্থার প্রতিনিধি কীভাবে বিসিসিআইয়ের শীর্ষ পদে আসীন হলেন, সেই কাহিনি তুলে ধরা হল এই প্রতিবেদনে। দেবজিৎ সাইকিয়া কিন্তু সরাসরি ক্রিকেট প্রশাসনে আসেননি তিনি প্রথমে ক্রিকেটার ছিলেন। ১৯৯১-৯২ সালে তিনি অসমের হয়ে চারটি প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছিলেন। দেবজিৎ ছিলেন মূলত একজন উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু ২২ গজে খুব একটা সাফল্য পাননি। ক্রিকেট ছেড়ে দেবজিৎ আইন নিয়ে পড়াশোনা করেন।

একটা সময় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার আইনি পরামর্শদাতা ছিলেন এবং রাজ্যের এডভোকেট জেনারেলও ছিলেন। ২০১৬ সালে ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেন। দেবজিৎ সাইকিয়া তিনি অসম ক্রিকেট সংস্থার সহ-সভাপতি হন এরপর ২০১৯ সালে তিনি অসম ক্রিকেট সংস্থার সচিব হন। ক্রমেই ক্রিকেট প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এরপর বিসিসিআইয়ের ক্রিকেট প্রশাসনেও নিজের যোগাযোগ বৃদ্ধি করেন।
২০২২ সালে বিসিসিআইয়ের সহ-সচিব নিযুক্ত হন দেবজিৎ সাইকিয়া। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই আইসিসি চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জয়। ভারতীয় বোর্ডে তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে চর্চা চলছিল। রাজীব শুক্লা থেকে অরুণ ধুমল,এমনকি প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি অনেকেরই নাম ভাসছিল। কিন্তু শেষ পর্যন্ত দেবজিৎ সাইকিয়াই সহ সচিব থেকে সচিব পদে প্রমোশন পেলেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে নতুন সচিব দেবজিৎ সাইকিয়ার কার্যকালের মেয়াদ হবে নয় মাস। ভারতীয় দল এখন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে দেবজিৎ-র সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। ইতিমধ্যেই এক মাসের বেশি সময় অস্থায়ী সচিব হিসেবে কাজ করেছেন। এবার তিনি পূর্ণ দায়িত্বে।












Click it and Unblock the Notifications